রোমেলু লুকাকুর জোড়া গোলে এফএ কাপের কোয়ার্টার-ফাইনালে উঠেছে ম্যানচেস্টার ইউনাইটেড। শনিবার হাডার্সফিল্ড টাউনকে তাদেরই মাঠে ২-০ গোলে হারিয়েছে ইউনাইটেড শেষ আট নিশ্চিত করে হোসে মরিনহোর শিষ্যরা।
ম্যাচের শুরুতেই রেড ডেভিলদের এগিয়ে দেন রোমেলু লুকাকু। তৃতীয় মিনিটের মাথায় স্প্যানিশ মিডফিল্ডার হুয়ান মাতার বাড়ানো বল থেকে গোল করেন বেলজিয়ামের ফরোয়ার্ড। এরপর আরো কয়েকটি সম্ভাবনাময় আক্রমণ করেও গোল করতে পারেনি তারা। গোলের দেখা পায়নি স্বাগতিকরাও।
প্রথমার্ধে এক গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় ম্যানইউ। দ্বিতীয়ার্ধের ৫৫ মিনিটে একক নৈপুণ্যে ব্যবধান দ্বিগুণ করেন লুকাকু। প্রাথমিকভাবে তার বলের যোগানদাতা ছিলেন জানুয়ারিতে দলের আলোচিত রিক্রুট আলেক্সিস সানচেজ।
গত দুই সপ্তাহের ব্যবধানে হাডার্সফিল্ডের বিপক্ষে দ্বিতীয় জয় পেল ম্যানইউ। চলতি মাসের শুরুতে ইংলিশ প্রিমিয়ার লিগে একই ব্যবধানে হারিয়েছিল তারা।
কোয়ার্টার ফাইনালে ব্রিংটন এন্ড হোভ অ্যালবিয়নের মুখোমুখি হবে। আর আগের রাতে শেষ আট নিশ্চিত করা চেলসি প্রতিপক্ষ লিচেস্টার সিটির।








