লিবিয়া উপকূলে দুটি জাহাজ ডুবির ঘটনায় ২ শতাধিক শরণার্থীর মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। এখন পর্যন্ত ১২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর জাহাজ দুটি থেকে ৩১ জনকে উদ্ধার করার কথা জানিয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন প্রায় দুই’শ শরণার্থী।
ভূমধ্যসাগর হয়ে ইউরোপ পাড়ি জমাতে গিয়ে প্রতি বছরই প্রাণহাণী হচ্ছে হাজার হাজার অভিবাসন প্রত্যাশীর। এরই ধারাবাহিকতায় সর্বশেষ লিবিয়া উপকূলে আবারো অভিবাসীবাহী জাহাজ ডুবির ঘটনা। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর জানিয়েছে, বুধবার স্থানীয় সময় ভোরে লিবিয়া থেকে জাহাজ দুটি ইতালির উদ্দেশ্যে রওনা হয়। এর ঘন্টা খানেক পরেই জাহাজটি ডুবে যায়।
উদ্ধারকারীরা ঘটনাস্থলে পৌঁছার আগেই এর বেশীরভাগ আরোহী সাগরে ডুবে যায়। এ পর্যন্ত ১২ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। একই সময়ে ১৩০ জন অভিবাসীকে বহনকারী আরেকটি ছোট জাহাজ ভূমধ্যসাগরে ডুবে যায়। এ ঘটনায় দুই জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
উদ্ধারের পর ইতালির লামপেডুসা দ্বীপে পৌঁছানো দুজন অভিবাসী হতাহতের সংখ্যা সম্পর্কে তাঁদের নিশ্চিত করেছেন। নৌকার বেশীরভাগ যাত্রী আফ্রিকার সাব-সাহারা অঞ্চল থেকে আসা।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে, কয়েকটি ক্ষেত্রে ইতালি অভিবাসীদের মানবাধিকার লঙ্ঘন করছে, যা নির্যাতনের পর্যায়ে পড়ে। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর জানিয়েছে, চলতি বছর ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপ আসার চেষ্টাকালে ৪ হাজার ২০০ শরণার্থীর মৃত্যু হয়েছে।








