লিবিয়ায় রাজধানী ত্রিপোলির কাছাকাছি শহর জিলিতেনের একটি পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রে ট্রাক বোমা হামলায় অন্তত ৫০ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন শতাধিক।
বৃহস্পতিবার সকালে এ হামলার ঘটনা ঘটে বলে দেশটির সংবাদমাধ্যম জানিয়েছে। তবে হামলার দায় এখনো কেউ স্বীকার করেনি।
আল-জাহফল নামের ঐ প্রশিক্ষণ কেন্দ্রটি সাবেক প্রেসিডেন্ট মুয়াম্মার গাদ্দাফির সময়ে সামরিক ঘাঁটি হিসেবে ব্যবহৃত হত।
স্থানীয় সংবাদমাধ্যম জানায়, বিস্ফোরণের শব্দ অন্তত ৬০ কিলোমিটার দূরের শহর মিসরাতা থেকেও শোনা গেছে। এতে কমপক্ষে ৬৫ জন প্রশিক্ষণার্থী নিহত হয়েছেন। আর আহত হয়েছেন ১২৭ জন।
সকালে শ’খানেক প্রশিক্ষণার্থীর প্যারেডরত অবস্থায় এ হামলা চালানো হয়। লিবিয়ায় নিযুক্ত জাতিসংঘের বিশেষ মুখপাত্র মার্টিন কবলার এটিকে আত্মঘাতী হামলা বলে নিশ্চিত করেছেন।
লিবিয়ার নাবা টিভি জানায়, আহতদের ত্রিপোলি ও মিসরাতা হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হচ্ছে।







