সাউথ জোনের ৪০৩ রানের জবাবে ভাল শুরু পায়নি ইস্ট জোন। ৩ উইকেট হারিয়ে ৯৫ রান তোলার পর শেষ হয়েছে দ্বিতীয় দিনের খেলা। তবে দলটির আশার প্রদীপ হয়ে জ্বলছেন লিটন দাস। এ ডানহাতি ওপেনার ৬০ রানে অপরাজিত আছেন।
লিটনের সঙ্গে ভরসা হয়ে থাকতে পারতেন মোহাম্মদ আশরাফুল। প্রথম শ্রেণির ক্রিকেটে টানা তিন সেঞ্চুরি করা এ ব্যাটসম্যান আউট হয়েছেন দিনের শেষ ওভারে। সাউথ জোনের বাঁহাতি স্পিনার আব্দুর রাজ্জাকের বলে এলবিডব্লিউ হওয়ার আগে ৫৯ বল খেলে করেন ১২ রান।
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ব্যাটিংয়ে নেমে ৩৭ রান তুলতেই ইস্ট জোন হারিয়ে ফেলে দুই উইকেট। ওপেনিংয়ে লিটনের সঙ্গী আফিফ হোসেন ধ্রুব ১৪ রান করে কামরুল ইসলাম রাব্বির বলে ক্যাচ দিয়ে ফেরেন। রাব্বির দ্বিতীয় শিকার ইমতিয়াজ হোসেন। এ ডানহাতি ব্যাটসম্যান করেন ৫ রান।
বিপদ সামলে নেন লিটন। সাত বাউন্ডারিতে সাজান ৬০ রানের ইনিংস। আশরাফুল আগলে রাখেন অপর প্রান্ত। কিন্তু শেষ ওভার অ্যাশের বিদায় আক্ষেপ হয়ে থেকেছে দলটির জন্য।
আগের দিনের ৭ উইকেটে ২৯৯ রান নিয়ে খেলতে নামা সাউথ জোন শেষ তিন উইকেটে যোগ করে আরও ১০৪ রান। অষ্টম উইকেট জুটি ভাঙে ৪০০ রানের মাথায়।
দেলোয়ার হোসেন ও নুরুল হাসান সোহানের জুটি ১০৭ রানের। ৬৪ বলে ৬৩ রান করে দেলোয়ার সাজঘরে ফিরলে ভাঙে জুটিটি। সঙ্গীর অভাবে বড় ইনিংস খেলতে পারেননি অধিনায়ক সোহান। ৩ রানের ব্যবধানে শেষ ৩ উইকেট হারায় তারা। সোহান অপরাজিত থেকে যান ৪৪ রানে।
খালেদ আহমেদ নিয়েছেন চার উইকেট। আবু জায়েদ রাহি ও মোহাম্মদ সাইফউদ্দিন নিয়েছেন দুটি করে উইকেট। একটি উইকেট নেন সোহাগ গাজী।







