সিলেট থেকে: মঙ্গলবারের ম্যাচে নামার আগে ঐচ্ছিক অনুশীলনে আসেননি লিটন দাস। আগেরদিন চোট পাওয়ায় ছিলেন বিশ্রামে। মাঠে না এলেও আলোচনার মধ্যমণি ছিলেন লিটনই। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে ১০৫ বলে ১২৬ রানের ঝলমলে যে ইনিংসটি খেলেছেন টাইগার ওপেনার, তা দেখে মুগ্ধ ব্যাটিং কোচ নিল ম্যাকেঞ্জি।
‘আলোচনা করার জন্য লিটন উপযুক্ত একজন খেলোয়াড়। সে কেবলই পরিণত হয়েছে। তার দায়িত্ব দারুণভাবে পালন করেছে। ওয়ানডেতে দ্বিতীয় সেঞ্চুরি উপহার দিয়েছে, যেটি খুব স্বস্তির। তার ব্যাটিং দেখে মনে হয়েছে যা চাচ্ছে তা-ই করতে পারছে। রানের জন্য খুব ক্ষুধার্ত দেখাচ্ছিল তাকে। সে যেভাবে প্রস্তুতি নেয়, ম্যাচ নিয়ে ভাবে, সেটি অসাধারণ। আশা করি সে আরও অনেক সেঞ্চুরি করবে।’
রোববার তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে লিটন যেভাবে ব্যাটিং করে যাচ্ছিলেন, জেগেছিল বড় কিছুর আশা। খেলার ধরণ বলছিল, ডাবল সেঞ্চুরিও বুঝি অসম্ভব নয়! দুর্ভাগ্য, বিশাল ছক্কা মেরে ১২৬ রানে পৌঁছানোর পর হ্যামস্ট্রিংয়ে টান পড়ায় ছাড়তে হয় মাঠ। বাংলাদেশ ইনিংসের তখনও ৮২ বল বাকি।
লিটনের ইনিংসে ভর করেই বাংলাদেশ পায় ৩২১ রানের বড় পুঁজি। তাতে বোলারদের আত্মবিশ্বাস বেড়ে হয় দ্বিগুণ। সাইফউদ্দিন-মাশরাফীদের আক্রমণের সামনে পরে ১৫২ রানে গুটিয়ে যায় জিম্বাবুয়ে। ১৬৯ রানের রেকর্ড জয়ে সিরিজ শুরু করে বাংলাদেশ।








