ইংলিশ প্রিমিয়ার লিগে ইতালিয়ান কোচ বিপ্লবের ইতিহাসে নিজের নামটা লেখানোর বন্দবস্ত করে ফেলেছেন চেলসির কোচ অ্যান্তোনিও কন্তে। স্টোক সিটিকে ২-১ গোলে হারিয়ে নিজেদের ষষ্ঠ লিগ শিরোপার আরো কাছাকাছি চলে এসেছে ইতালিয়ান কন্তের শিষ্যরা।
স্টোকের মাঠ ব্রিটানিয়া স্টেডিয়ামে শনিবার রাতে উইলিয়ানের ১৩ মিনিটের গোলে লিড পায় চেলসি। প্রথমার্ধের ৩৮ মিনিটেই সেই গোল শোধ করে স্বাগতিকদের ম্যাচে ফিরিয়েছিলেন ব্রিটিশ ফরোয়ার্ড জোনাথন ওয়াল্টার।
দ্বিতীয়ার্ধে একাধিক সুযোগ তৈরি করে গোল বঞ্চিত হয়েছে দুদলই। পয়েন্ট হারানোর আশঙ্কায় যখন কাঁপছে চেলসি, তখনই ত্রাতা হয়ে আসেন পরীক্ষিত যোদ্ধা গ্যারি কাহিল। প্রতিপক্ষ ডিফেন্ডারের ব্যর্থতায় কর্নার কিক থেকে পাওয়া বল বুলেট গতির এক শটে জালে পাঠিয়েছেন এই ইংলিশ ডিফেন্ডার। শেষ পর্যন্ত তার গোলেই পূর্ণ তিন পয়েন্ট নিশ্চিত হয়েছে ব্লুজদের।
এই জয়ে দ্বিতীয় স্থানে থাকা টটেনহ্যাম হটস্পারের থেকে ১৩ পয়েন্ট এগিয়ে থাকল চেলসি। ২৮ ম্যাচে ৬৯ পয়েন্ট তাদের।
রাতের অন্য ম্যাচে এভারটন ৪-০ গোলে হাল সিটিকে, ওয়েস্ট হ্যামকে ২-৩ গোলে হারিয়েছে লেস্টার সিটি।







