বরাবরের মতো এ বছরও দীপিকা পাড়ুকোন, ঐশ্বরিয়া রাইয়ের পর কান চলচ্চিত্র উৎসবের লালগালিচায় হেঁটেছেন সোনম কাপুর। তবে এবারের কান যাত্রা সোনমের জন্য অন্য যে কোনো বারের চেয়ে ব্যতিক্রম। কারণটা, এবার তিনি নববধূ হয়ে কানে এসেছেন ‘নির্জা’ খ্যাত এ অভিনেত্রী।
গত ৮মে ব্যবসায়ী প্রেমিক আনন্দ আহুজার সাথে গাঁটছড়া বাঁধেন বলিউড ফ্যাশন আইকন সোনম কাপুর। আর বিয়ের এক সপ্তাহের মাথায়ই আজ ১৫মে মেহেদী রাঙ্গা হাতে কানের লাল গালিচায় হাজির হন সোনম।
কান চলচ্চিত্র উৎসবে অংশ নিতে দু’দিন আগেই স্বামী আনন্দ আহুজাকে নিয়ে ফ্রান্সের সমুদ্র তীরবর্তী শহরে পৌঁছান ৩২ বছর বয়সী এই তারকা।

কানে নিজের প্রথম দিনে বিয়ের মেহেদী রাঙা হাতেই লাল গালিচায় পা মাড়িয়েছেন সোনম। রালফ ও রুশোর ডিজাইন করা লেহেঙ্গা পরে সবাইকে মুগ্ধ করেছেন তিনি। পনিটেইল করা চুল ও তারার মতো সাজানো চোখ তাকে আরও প্রাণবন্ত করে তোলে। প্রতিবারের মত এবারও কানে সৌরভ ছড়ালেন ‘খুবসুরাত’খ্যাত অভিনেত্রী।
গত ৮ বছর ধরে চলচ্চিত্রের মর্যাদাপূর্ণ এই উৎসবে অংশ নিচ্ছেন সোনম। কানে তার উপস্থিতি বাড়তি আনন্দ যোগ করে। প্রতিবছরই চমৎকার সব ডিজাইনের পোশাক পরে দ্যুতি ছড়ান সদ্য বিবাহিত এই তারকা।

এছাড়া সোনমের সঙ্গে একই দিন কানের লালগালিচা আলো করেছেন পাকিস্তানের প্রথম সারির অভিনেত্রী মাহিরা খান। কালো গাউনে তিনি সবার মধ্যে রূপের জাদু বিকিয়েছেন।
দু’জন একসঙ্গেই হেঁচেছেন লালগালিচায়। কাজ করার সূত্রে বলিউডেও বেশ পরিচিত আছে মাহিরার।








