যুক্তরাজ্যের লন্ডন ব্রিজে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। ছুরি দিয়ে চালানো এ হামলায় বেশ কয়েকজন আহত হয়েছে বলে পুলিশ জানিয়েছে। পরে পুলিশের গুলিতে এক হামলাকারী নিহত হয়েছে।
বিবিসি জানায়, স্থানীয় সময় দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। এ হামলাকে পুলিশ ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ হিসেবে উল্লেখ করেছে।
বিবিসির একজন সাংবাদিক বলেন, তিনি ব্রিজের ওপর মারামারি দেখতে পান। তিনি দেখেন, একাধিক মানুষ একজনকে মারছে। এরপর দ্রুত পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং গুলি চালায়। এতে এক হামলাকারী নিহত হয়। তবে পুরো ঘটনা সম্পর্কে এখনো বিস্তারিত জানা যায়নি। তবে এটি সন্ত্রাসী হামলা বলেই পুলিশ জানিয়েছে।
পুলিশ জানায়, গুলিতে একজন নিহতের পাশাপাশি তারা একজনকে আটক করেছে। লন্ডনের অ্যাম্বুলেন্স সার্ভিস ঘটনাটিকে ‘‘ভয়াবহ ঘটনা” হিসেবে ঘোষণা করেছে।
ব্রিটিশ ট্রান্সপোর্ট পুলিশ জানিয়েছে, লন্ডন ব্রিজ স্টেশন এখন বন্ধ করে দেয়া হয়েছে। সেখানে কোনো ট্রেন থামতে পারবে না। স্থানীয়দের পুলিশের নির্দেশমতো চলার জন্য বলা হয়েছে। 
ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন টুইটারে জানিয়েছেন, তিনি ঘটনার সার্বক্ষণিক নজর রাখছেন। দ্রুত পদক্ষেপ গ্রহণ করায় পুলিশ এবং জরুরি সেবাদানকারীদের ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী।








