লন্ডনে অনুষ্ঠিত হলো ‘মুক্তিযুদ্ধে রেডিও’ গ্রন্থের প্রকাশনা উৎসব। মুক্তিযুদ্ধবিষয়ক সংগঠন মুক্ত আসরের উদ্যোগে শুক্রবার লন্ডনের সেন্ট জেমস পার্কের তাজ হোটেলে এই অনুষ্ঠান হয়।
‘মুক্তিযুদ্ধে রেডিও’ বইটি স্বপ্ন ’৭১–এর দশম সংখ্যা। ৪৬৪ পৃষ্ঠার বইটির ৭২ জন লেখকের মধ্যে ভারতীয় গবেষক প্রিয়জিৎ দেবসরকার এবং বাংলাদেশি লেখক ইসলাম খানের উপস্থিতিতে বইটির মোড়ক উন্মোচন করেন যুক্তরাজ্যে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার আশিকুন নবী চৌধুরী। বইটি সম্পাদনা করেছেন আবু সাঈদ। প্রকাশ করেছে স্বপ্ন ’৭১ এবং মুক্ত আসর।
আশিকুন নবী চৌধুরী ‘মুক্তিযুদ্ধে রেডিও’ বইটির সম্পাদক ও লেখকদের এমন গুরুত্বপূর্ণ গবেষণাধর্মী বইটির জন্য ধন্যবাদ জানান।

তিনি বলেন, বইটি বাংলাদেশের সব লাইব্রেরিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে প্রাপ্তি ও পড়ার সুযোগ করে দেওয়া হয়। এই বইয়ের মাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধবিষয়ক লেখার অভাব অনেকটাই পূরণ হবে।
একইসঙ্গে এ ধরনের তথ্যবহুল বই যেন ইংরেজি ভাষায় প্রকাশের ব্যবস্থা করে বিদেশে ছড়িয়ে দেওয়া যায়, সে বিষয়ে উদ্যোগ নেওয়ার জন্য লেখক ও প্রকাশকের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেন্টার ফর পলিসি, প্রমোশন অ্যান্ড প্রিভেনশনের ফাউন্ডার এবং সিইও ইমরান এ চৌধুরী, ডকল্যান্ডস থিয়েটার এবং পারফর্মিং আর্টসের চেয়ারম্যান ও আবৃতিশিল্পী স্মৃতি আজাদ, কবি ও অ্যাকটিভিস্ট লিপি হালদার, নজরুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানের মিডিয়া পার্টনার এটিএন বাংলা ও চ্যানেল এসের সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।







