সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীর সংসদ সদস্য পদের বিষয়ে মতামত জানাতে নির্বাচন কমিশনে চিঠি পাঠিয়েছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
এর আগে গত ৭ জুলাই আবদুল লতিফ সিদ্দিকীকে আওয়ামী লীগ থেকে বহিস্কারের চিঠি স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর কাছে পাঠানো হয়। দল থেকে পাঠানো এ চিঠি স্পিকারের দপ্তরে পৌঁছানো হয় সংসদ সচিবালয়ের মাধ্যমে।
ধর্মীয় অনুভুতিতে আঘাত দেওয়ার অভিযোগে আটকার প্রায় ৯ মাস গত ২৯ জুন জামিনে মুক্ত হন লতিফ সিদ্দিকী। এরপর থেকেই তিনি সংসদের অধিবেশনে যোগ দেওয়ার চেষ্টা করছিলেন। এই চেষ্টার মধ্যেই স্পিকারের কাছে চিঠি দেয় আওয়ামী লীগ।
গত বছরের ২৯ সেপ্টেম্বর নিউ ইয়র্কে প্রবাসীদের এক অনুষ্ঠানে হজ ও তাবলিগ জামায়াত নিয়ে মন্তব্য করে সমালোচনার মুখে পড়েন তখনকার টেলিযোগাযোগ মন্ত্রী। এরপর ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে দেশের বিভিন্ন স্থানে তার বিরুদ্ধে ১৭টি মামলা হয়।
বিভিন্ন ইসলামপন্থি দলগুলোর আন্দোলনের হুমকি ও সামাজিক যোগাযোগের মাধ্যমে সমালোচনার মুখে মন্ত্রিত্ব হারাতে হয়। দল থেকেও বহিস্কার করা হয় তাকে।
২০১৪ সালের ২৩ নভেম্বর রাতে ভারত হয়ে দেশে ফেরেন লতিফ সিদ্দিকী। পরদিন তিনি আত্মসমর্পণ করলে আদালত তাকে কারাগারে পাঠায়।






