ভারতের পশ্চিমবঙ্গ সরকারের সর্বোচ্চ সম্মান ‘বঙ্গবিভূষণ’ দেওয়া হচ্ছে
কিংবদন্তি সঙ্গীতশিল্পী লতা মঙ্গেশকরকে। তার হাতে এ পদক তুলে দিতে আগামী ২০
অক্টোবর মুম্বাই যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
শিল্পপতি সঞ্জীব গোয়েন্কাসহ বেশ কিছু বিশিষ্ট ব্যক্তি ওই দিন মুখ্যমন্ত্রীর সঙ্গে থাকবেন। শুক্রবার ফেসবুকে মুখ্যমন্ত্রী এমন খবর জানিয়েছেন।
মমতা জানান, বাংলার শ্রেষ্ঠ সম্মান ‘বঙ্গবিভূষণ’ পুরস্কার নিতে শিল্পী রাজি হয়েছেন। তিনি চিঠি লিখে তার এই সম্মতির কথা জানিয়ে দিয়েছেন। শিল্পীর এই সম্মতিতে বাংলার মানুষ এবং তিনি (মুখ্যমন্ত্রী) সম্মানিত।
শিল্পীকে অন্তরের শ্রদ্ধা জানিয়ে পোস্টে মুখ্যমন্ত্রী লিখেছেন, শিল্পী চিঠিতে বাংলার সঙ্গে তার অসংখ্য সঙ্গীত-স্মৃতি এবং বহু বিখ্যাত সঙ্গীত-ব্যক্তিত্বের উল্লেখ করেছেন। যা তার অন্তরকে ছুঁয়ে গিয়েছে।
গুণী সঙ্গীতশিল্পী লতা মঙ্গেশকর ১৯৯৯ সালে পদ্মবিভূষণ, ২০০১ সালে ভারতের সর্বোচ্চ পুরস্কার ভারতরত্ন, ১৯ ৮৯ সালে দাদাসাহেব ফালকে পুরস্কার এবং ১৯৯৭ সালে মহারাষ্ট্র ভূষণ পুরস্কারসহ অসংখ্য পুরস্কার পেয়েছেন।








