সিরিজের প্রথম টেস্টে হোস্ট ওয়েস্ট ইন্ডিজকে কোণঠাসা করে ফেলেছে সফরকারি ভারত। ভারতের ৫৬৬ রানের জবাবে ২৪৩ রানে প্রথম ইনিংস শেষ করে ফলো-অনে পড়ে ক্যারিবীয়রা। দ্বিতীয় ইনিংসে ১ উইকেটে ২১ রান করে তৃতীয় দিন শেষ করা ওয়েস্ট ইন্ডিজ পড়েছে ইনিংস হারের শংকায়।
প্রথম ইনিংসে ৮ উইকেটে ৫৬৬ রানে ভারত প্রথম ইনিংস ঘোষণার পর ১ উইকেটে ৩১ রানে দ্বিতীয় দিন শেষ করে ওয়েস্ট ইন্ডিজ।
মোহাম্মদ সামি ও উমেশ যাদবের চারটি করে উইকেট শিকার ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংস মাত্র ২৪৩ রানে শেষ হয়ে যায়। ক্যারিবীয়দের পক্ষে ওপেনার ক্রেগ ব্র্যাফেট ৭৪ এবং শেন ডরউইচ ৫৭ রান করেন।
প্রথম ইনিংসে ৩২৩ রানে পিছিয়ে থেকে ফলো-অনে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে স্বাগতিকরা ক্রেইগ ব্র্যাফেটের উইকেট হারিয়ে ২১ রান নিয়ে তৃতীয় দিন শেষ করেছে ।
ইনিংস হারের লজ্জা থেকে বাঁচতে ক্যারিবীয়দের চাই আরো ৩২১ রান।










