ভারতের বিপক্ষে প্রথম টেস্টে তিনদিনে হেরে গেছে ওয়েস্ট ইন্ডিজ। সেই হারটা আবার যেনতেন হার নয়। এক ইনিংস এবং ২৭২ রানের!
টেস্টে এটিই ভারতের সবচেয়ে বড় ব্যবধানের জয়। এর আগে আফগানিস্তানের বিপক্ষে ইনিংস ও ২৬২ রানের জয়টি ছিল বড়।
রাজকোটে ভারত টস জিতে আগে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ৬৪৯ রান তোলার পর ইনিংস ঘোষণা করে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভারতের এটি দলীয় সর্বোচ্চ রান। জবাব দিতে নেমে অতিথিরা ১৮১ রানে অলআউট হয়। ফলোঅনে পড়ে দ্বিতীয় ইনিংসে দলটি যেতে পারে ১৯৬ পর্যন্ত।
ভারতের হয়ে প্রথমে সেঞ্চুরি তুলে নেন ১৮ বছরে অভিষিক্ত পৃথ্বী শ। কোহলি থামেন ১৩৯ রানে। ক্যারিয়ারের ২৪তম শতক তার।
১২৩ ইনিংসে ২৪তম শতক পেলেন ভারতীয় অধিনায়ক। এরচেয়ে কম ইনিংসে সেঞ্চুরির নজির আছে কেবল স্যার ডন ব্র্যাডম্যানের। তিনি ২৪টি সেঞ্চুরি হাঁকান ৬৬টি ইনিংস খেলে। এই সংখ্যক সেঞ্চুরি পেতে শচীনের লেগেছিল ১২৫ ইনিংস।
সেঞ্চুরি পেয়েছেন রবীন্দ্র জাদেজাও। ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরি পাওয়া ইনিংসে তিনি অপরাজিত থাকেন ঠিক ১০০ রানে।
দ্বিতীয় ইনিংসে ওয়েস্ট ইন্ডিজকে গুটিয়ে দিতে প্রধান ভূমিকা রাখেন কুলদ্বীপ যাদব। ১৪ ওভারে ৫৭ রান দিয়ে ৫ উইকেট নেন তিনি। প্রথম ইনিংসে পেয়েছিলে এক উইকেট। রবীন্দ্র জাদেজা নেন ৩ উইকেট। ২ উইকেট নেন অশ্বিন।
প্রথম ইনিংসেও ওয়েস্ট ইন্ডিজ নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে। তৃতীয় ওভারে ব্র্যাথওয়েট (২) বিদায় নেয়ার পর হোপ, পাওয়েলরাও দাঁড়াতে পারেননি। সর্বোচ্চ রান এসেছে পাওয়েলের ব্যাট থেকে, ৪৭। দ্বিতীয় ইনিংসে পাওয়েল আরেকটু বেশি লড়াই করেন। ৯৩ বলে ৮৩ রানে থামেন তিনি। বাকিদের মধ্যে সর্বোচ্চ রান চেসের, ২০।









