শ্রীলঙ্কার দুই ওপেনারের রেকর্ড ঠেলে সিরিজে সমতায় ফিরেছে জিম্বাবুয়ে। হাম্বানটোটায় চতুর্থ ওয়ানডেতে লঙ্কানদের ৪ উইকেটে হারিয়েছে সফরকারীরা। এর ফলে পাঁচ ম্যাচের সিরিজের শেষটি এখন ফাইনালে পরিণত হল।
৩০১ রানের টার্গেটে প্রথম থেকেই ব্যাট চালিয়ে খেলে জিম্বাবুয়ে। ৯ ওভারে ৬৭ রান তোলার পর প্রথম উইকেট হারায় তারা।২৮ রান করে ফেরেন হ্যামিটন মাসাকাদজা। তবে ৩০ বলে ৪৩ রান করা সলোমান মির ছিলেন বেশি আক্রমণাত্মক।
দুই ওপেনারের সঙ্গে আরও এক জিম্বাবুয়েন ব্যাটসম্যানকে ফিরিয়ে খেলায় ফেরার চেষ্টা করেছিল শ্রীলঙ্কা। ২১ ওভারে ৩ উইকেটে ১৩৯ রান করার পর শুরু হয় বৃষ্টি।তখনও বৃষ্টি আইনে এগিয়ে ছিল জিম্বাবুয়ে। পরে ৩১ ওভারে সফরকারীদের টার্গেট দাঁড়ায় ২১৯ রা। ১০ বাকি থাকতে ৬ উইকেট হারিয়ে লক্ষ্য টপকে যায় তারা। ৬৯ রানে অপরাজিত থেকে দল জেতান ক্রেগ আরভিন। ম্যাচ সেরার পুরস্কারও উঠেছে তারই হাতে।
এর আগে ওয়ানডে ইতিহাসে প্রথমবারের মতো টানা দুই ম্যাচে ২০০ কিংবা তার বেশি রানের জুটি গড়ার বিশ্বরেকর্ড গড়েন দুই লঙ্কান ওপেনার নিরোশান ডিকেভেল্লা ও ধানুষ্কা গুনাথিলাকা।
টস জিতে আগে ব্যাট করতে নেমে দুই ওপেনার ২০৯ রান করেন। গুনাথিলাকা ৮৭ রানে আউট হলে ভাঙে এই জুটি। এরপর ডিকেভেল্লা শতক হাঁকিয়ে (১১৬) বিদায় নেন। একই ভেন্যুতে আগের ম্যাচে তারা ২২৯ রান করেছিলেন।
ডিকেভেল্লা আগের ম্যাচেও শতক হাঁকিয়েছিলেন। সপ্তম লঙ্কান ব্যাটসম্যান হিসেবে ব্যাক-টু-ব্যাক সেঞ্চুরি করার নজির গড়লেন তিনি। এর আগে কুমার সাঙ্গাকারা, রোশান মহানামা, রয় ডিয়াস, জয়াসুরিয়া, দিলশান এবং উপুল থারাঙ্গার এই রেকর্ড আছে।
দুদলের অঘোষিত ফাইনালের পঞ্চম ম্যাচ অনুষ্ঠিত হবে ১০ জুলাই, একই ভেন্যুতে।









