র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) আইন ও গণমাধ্যম শাখার পরিচালক হলেন র্যাব-১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সারওয়ার-বিন-কাশেম। তিনি বর্তমান পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মো. এমরানুল হাসানের স্থলাভিষিক্ত হলেন।
বৃহস্পতিবার রাতে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার সিনিয়র সহকারী পরিচালক (এএসপি) মিজানুর রহমান জানান, র্যাব-১ এর অধিনায়কের দায়িত্ব পালনের পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব হিসেবে বৃহস্পতিবার থেকে সংস্থাটির আইন ও গণমাধ্যম শাখার পরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন সারওয়ার-বিন-কাশেম।
র্যাবের নতুন মুখপাত্র সারওয়ার-বিন-কাশেম বলেন, বর্তমানে র্যাব-১ এর অধিনায়কের দায়িত্ব পালনের পাশাপাশি নতুন দায়িত্ব হিসেবে আমাকে গণমাধ্যম শাখার পরিচালকের দায়িত্ব দেওয়া হয়েছে। নতুন দায়িত্ব নিষ্ঠার সঙ্গে যেন পালন করতে পারি, সে জন্য সবার দোয়া ও সহযোগিতা চাই।
লেফটেন্যান্ট কর্নেল মো. সারওয়ার-বিন-কাশেম এসও, ডেপুটি এফপিএম মনোস্ক জাতিসংঘ মিশনে সাফল্যের সঙ্গে দায়িত্ব পালন শেষে গত ৩ ডিসেম্বর ২০১৬ তারিখে প্রেষণে র্যাব ফোর্সেসে যোগদান করেন এবং গত ৩০ জানুয়ারি ২০১৭ তারিখে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-১ এর অধিনায়ক হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন।
সারওয়ার-বিন-কাশেম ২০০০ সালের ২৬ নভেম্বর ৪৩তম বিএমএ লং কোর্সের সাথে বাংলাদেশ সেনাবাহিনীর আর্মড কোরে কমিশন লাভ করেন। তিনি সেনাবাহিনীর বিভিন্ন ইউনিট ও সংস্থার গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। তিনি একটি মিলিটারী পুলিশ ইউনিটের অধিনায়ক এবং পিজিআর এর কোম্পানী উপ-অধিনায়ক ও এ্যাডজুটেন্ট এর দায়িত্ব পালন করেন।
এছাড়া আর্মড কোর সেন্টার এন্ড স্কুল এ প্রশিক্ষক হিসেবে নিযুক্ত ছিলেন। তাছাড়া তিনি আইভোরিকোস্ট এবং মনোস্ক জাতিসংঘ মিশনে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে কর্মরত ছিলেন।
তিনি সেনাবাহিনীর বিভিন্ন পরিসরের কমান্ড, প্রশিক্ষক ও ষ্টাফ অভিজ্ঞতা সম্পন্ন একজন চৌকস অফিসার। চাকরি ক্ষেত্রে পারদর্শিতা ও উৎকর্ষতার জন্য তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে বিপিএম (সেবা) পদক পান। কর্মক্ষেত্রে সততা, পেশাদারিত্ব, বিচক্ষণতার সাথে দায়িত্ব পালন করে সুনাম অর্জন করে আসছেন সারওয়ার-বিন-কাশেম।









