প্রথমবারের মত টি-টুয়েন্টিতে বোলারদের র্যাঙ্কিংয়ের শীর্ষে পা রাখলেন ইমাদ ওয়াসিম। পাকিস্তানি এই স্পিনারের ভালো পারফরম্যান্সের পাশাপাশি সাউথ আফ্রিকান ইমরান তাহিরের বাজে পারফরম্যান্সও চূড়া বদলে ভূমিকা রেখেছে। তবে অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ের শীর্ষের মুকুটটা যথারীতি ধরে রেখেছেন বাংলাদেশি তারকা সাকিব আল হাসান।
ইমরান তাহির লম্বা একটা সময় ধারাবাহিক ছিলেন। তবে সম্প্রতি ইংল্যান্ডের মাটিতে তিন টি-টুয়েন্টির সিরিজে সময়টা বাজে কেটেছে। সিরিজে ৭ ওভারে ৭৫ রানে মাত্র এক উইকেট। সেটার মাশুলই গুনলেন র্যাঙ্কিংয়ের তিনে নেমে। গত জানুয়ারিতে শীর্ষে উঠেছিলেন তাহির।
সেটাই আবার শীর্ষের পথ করে দিয়েছে ২৮ বছর বয়সী পাকিস্তানি বাঁহাতি স্পিনার ওয়াসিমকে। আর দুইয়ে আছেন ভারতের পেসার জাসপ্রিত বুমরাহ। চারে আফগান চমক রশিদ খান।
সেখানে অলরাউন্ডার র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ধরে রেখেছেন সাকিব। দুইয়ে অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল। তিনে আরেক আফগান মোহাম্মদ নবী।
টি-টুয়েন্টিতে ব্যাটিংয়ের শীর্ষস্থানটি অবশ্য বিরাট কোহলির দখলে। দুই ও তিনে আছেন যথাক্রমে অজি উদ্বোধনী অ্যারন ফিঞ্চ ও কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন। বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হয়ে সাব্বির রহমান আছেন ১০ নম্বরে।
ছোট ফরম্যাটের শীর্ষ দল অবশ্য নিউজিল্যান্ড। দুইয়ে ইংল্যান্ড, তিনে পাকিস্তান। বাংলাদেশ সেখানে ১০ নম্বরে, আফগানিস্তানের পরের জায়গাটিতে।








