র্যাঙ্কিংয়ে অস্ট্রেলিয়ার পতন

মাঠ ছাড়ছেন হ্যাজেলউড
বাংলাদেশের কাছে প্রথম টেস্টে হারার সঙ্গে সঙ্গেই র্যাঙ্কিংয়ে পতন ঘটেছে অস্ট্রেলিয়ার। চার নম্বর থেকে অজিরা নেমে গেছে পাঁচে। সিরিজ শুরুর আগে অস্ট্রেলিয়া ছিল চারে। হারের ফলে তিনটি রেটিং পয়েন্ট হারিয়ে তাদের পয়েন্ট এখন ৯৭। যা তাদের পাঁচে নামিয়ে দিয়েছে। আর এই এক জয়ে বাংলাদেশের ৪ রেটিং পয়েন্ট বেড়েছে।
অস্ট্রেলিয়া এখন চট্টগ্রাম টেস্ট জিতলেও পাঁচ থেকে চারে উঠে আসতে পারবে না। তবে বাংলাদেশের সামনে আটে উঠে আসার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ যদি ২-০তে সিরিজ জেতে, আর ওয়েস্ট ইন্ডিজ যদি ইংল্যান্ডের বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ হারে, তাহলে বাংলাদেশ আটে উঠবে আর অস্ট্রেলিয়া নেমে যাবে ছয়ে।
গত ফেব্রুয়ারিতে ভারতের বিপক্ষে ২-১’এ বোর্ডার-গাভাস্কার ট্রফি খোয়ানোর পর থেকেই অধঃপতনের শুরু স্মিথের দলের।
বাংলাদেশে এসে সিরিজটা যে সহজ হবে না, আগেই স্মিথদের সেটা নিয়ে সতর্কবাণী শুনিয়ে দিয়েছিলেন অজি গ্রেট ইয়ান চ্যাপেল। প্রথম টেস্টের পর চ্যাপেলকে হয়ত বেশিই মনে পড়ছে স্মিথ-ওয়ার্নারদের।
গত অক্টোবরে ঘরের মাটিতে ইংল্যান্ডকে হারানোর পর শ্রীলঙ্কার মাটিতে নিজেদের শততম টেস্টে জিতেছে মুশফিক বাহিনী। অথচ এই লঙ্কানদের মাটিতেই গত বছর টেস্টে হোয়াইটওয়াশের তিক্ত স্বাদ আছে স্মিথ বাহিনীর। এশিয়ার মাটিতে সবশেষ ১৩ টেস্টে অজিদের জয় মাত্র ২টিতে। মিরপুর টেস্টের পর ব্যর্থতার পাল্লাটা আরও ভারি হল।
বাংলাদেশের বিপক্ষে ২-০তে হেরে যদি ৬-এ নেমে যায় অস্ট্রেলিয়া, অ্যাশেজে ইংল্যান্ডের বিপক্ষে খেলে র্যাঙ্কিংয়ে পুনরুদ্ধার করা তাদের জন্য কঠিনই হবে।






