ফেসবুক লাইভে উস্কানিমূলক তথ্য ছড়ানোর অভিযোগে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী কাজী নওশাবা আহমেদকে জিজ্ঞাসাবাদের জন্য উত্তরার র্যাব কার্যালয়ে নেয়া হয়েছে।
বর্তমানে তিনি র্যাব-১ এর কার্যালয়ে রয়েছেন বলে চ্যানেল আই অনলাইনকে নিশ্চিত করেছেন র্যাব-১ এর কমান্ডিং অফিসার(সিও) লেফটেন্যান্ট কর্নেল সারওয়ার বিন কাশেম। শনিবার রাতে তাকে উত্তরা থেকে র্যাব-১-এর হেফাজতে নিয়ে যাওয়া হয়।
র্যাব-১ এর কমান্ডিং অফিসার জানান, চলমান পরিস্থিতে ফেসবুকে গুজব ছড়ানোর দায়ে অভিনেত্রী কাজী নওশাবা আহমেদকে রাজধানীর উত্তরা এলাকা থেকে জিজ্ঞাসাবাদের জন্য উত্তরার র্যাব-১ কার্যালয়ে আনা হয়েছে।
তিনি আরো বলেন, জিজ্ঞাসাবাদ শেষে সংবাদ সম্মেলন করে এই বিষয়ে বিস্তারিত জানানো হবে।
প্রসঙ্গত, শনিবার দুপুরে ফেসবুক লাইভে এসে কাজী নওশাবা বলেন, ‘জিগাতলায় আমাদের ছোট ভাইদের (শিক্ষার্থী ইঙ্গিত করে) একজনের চোখ তুলে ফেলা ও দুইজনকে মেরে ফেলা হয়েছে। একটু আগে ওদেরকে অ্যাটাক করা হয়েছে। প্লিজ-প্লিজ ওদেরকে বাঁচান। তারা জিগাতলায় আছে। আপনারা এখনই রাস্তায় নামবেন ও আপনাদের বাচ্চাদের নিরাপদ জায়গায় নিয়ে যাবেন, এটা আমার রিকোয়েস্ট। বাচ্চাগুলো নিরাপত্তাহীনতায় আছে।’
ফেসবুক লাইভে তিনি আরো বলেন, যে পুলিশরা আছেন আপনারা অবশ্যই নিজেদের বাচ্চাদের প্রোটেকশন দেন। আপনারা প্লিজ কিছু একটা করেন। আপনারা সবাই একসাথে হন। আমি এ দেশের মানুষ, এ দেশের নাগরিক হিসেবে আপনাদের কাছে রিকোয়েস্ট করছি।’







