চৌধুরী ফরিদ: বাংলাদেশে অবস্থানকারী রোহিঙ্গা শরণার্থীদের জন্য মালয়েশিয়া থেকে পাঠানো ১৪শ ৭২ মেট্রিক টন ত্রাণবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে। মঙ্গলবার বেলা ১১টায় নটিক্যাল আলিয়া নামের জাহাজটি বন্দরের সিসিটি জেটিতে পৌঁছে। এসব ত্রাণসামগ্রীর মধ্যে চাল, তেল, ওষুধ, পোশাকসহ ৩৫ ধরনের নিত্য প্রয়োজনীয় সামগ্রী রয়েছে। এসব ত্রাণসামগ্রী ট্রাকে করে কক্সবাজারে নিয়ে প্রায় ১৫ হাজার রোহিঙ্গা শরণার্থীদের মাঝে বিতরণ করা হবে ।
ত্রাণসামগ্রী আনুষ্ঠানিকভাবে গ্রহণের সময় উপস্থিত ছিলেন পররাষ্ট্র সচিব (মেরিটাইম) রিয়ার এ্যাডমিরাল খুরশীদ আলম, মালয়েশিয়ান প্রতিনিধি দল নেতা আব্দুল আজিজ বিন আব্দুল রহিম এমপি, রাষ্ট্রদূত নূর আশিকিন বিনতে মোহাম্মদ তাইব, চট্টগ্রামের ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার সৈয়দা সারোয়ার জাহান ও জেলা প্রশাসক মো. সামসুল আরেফিন, কক্সবাজারের জেলা প্রশাসক মো. আলী হোসেন, বন্দরের চেয়ারম্যান কমোডর লফিকার আজিজ, আইওএমের প্রতিনিধি রিয়াদ রামাহিসহ বন্দরের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জাহাজটি চলতি মাসের শুরুর দিকে রওনা হয়ে গত ৯ ফেব্রুয়ারি ইয়াঙ্গুনে পৌঁছালে বিক্ষোভের মুখে পড়ে। সেখানে ৫০০টন ত্রাণ খালাস করতে হয়। বাকি ত্রাণ নিয়ে জাহাজটি বাংলাদেশে পৌঁছালো।







