অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল রোহিঙ্গা ইস্যুতে ঢাকার পাশে থাকার প্রতিশ্রুতি পুনরায় ব্যক্ত করেছেন। শনিবার অস্ট্রেলিয়া সফররত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে এক বৈঠকে তিনি এ প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী টার্নবুলের বাসভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পাশে থাকার তাঁর দেশের অবস্থান পুনর্ব্যক্ত করেন। বৈঠকে তিনি রোহিঙ্গাদের নিজ দেশে ফিরিয়ে নিতে মিয়ানমারের ওপর চাপ অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্বস্ত করেন।
শেখ হাসিনা রোহিঙ্গাদের বাংলাদেশে অস্থায়ী আশ্রয় দেয়া সম্পর্কে ঢাকার গৃহীত পদক্ষেপের বিষয়টি টার্নবুলকে অবহিত করেন এবং জোরপূর্বক বাস্তাচ্যুত এ সব রোহিঙ্গাদের জন্য তাঁর সরকারের ভবিষ্যৎ পরিকল্পনার কথা ব্যক্ত করেন।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব আরও জানান, বৈঠকে দুই নেতা দ্বিপক্ষীয় বাণিজ্য এবং বিনিয়োগ ইস্যু নিয়ে আলোচনা করেন এবং এ ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধি করার যথোপযুক্ত উপায় খুঁজে বের করতে উভয়ে সম্মত হন।

শেখ হাসিনা অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানালে তিনি এ আমন্ত্রণ গ্রহণ করে বলেন, পারস্পরিক সমঝোতার ভিত্তিতে সুবিধাজনক সময়ে তিনি ঢাকা সফর করবেন বলে জানান।
এর আগে ওয়েস্টার্ন সিডনী ইউনিভার্সিটি পরিদর্শন করে অস্ট্রেলিয়া থেকে সেরা জ্ঞান আহরণের জন্য প্রবাসী বাংলাদেশী শিক্ষার্থীদের আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । তিনি বলেন, বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হয়েছে । এখন দেশকে এগিয়ে নিতে আরও বেশী দক্ষ জনবল প্রয়োজন । বাংলাদেশে বিচার বিভাগের সক্ষমতা বৃদ্ধি এবং সমুদ্র জ্ঞান বিষয়ে ওয়েস্টার্ন সিডনী ইউনিভার্সিটির সহায়তার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী আশা করেন, প্রশিক্ষকদের প্রশিক্ষণ দান ও আরও বেশী বৃত্তি দিয়ে বাংলাদেশকে সহায়তা করতে পারে অস্ট্রেলিয়া ।








