জাতিসংঘের মানবাধিকার প্রধান জেইদ রা’দ আল-হুসেইন বলেছেন, রোহিঙ্গাদের ওপর গণহত্যা চালানো হচ্ছে-এই তথ্য অস্বীকারের আর কোনো সুযোগ নেই।
সুইজারল্যান্ডের জেনেভায় জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের বিশেষ অধিবেশনে তিনি বলেন, প্রাণভয়ে রোহিঙ্গাদের পালিয়ে বাংলাদেশে যাওয়া এখনও অব্যাহত রয়েছে।
মিয়ানমারের নিরাপত্তা পরিস্থিতি কঠোর পর্যবেক্ষণের আওতায় না এনে বাংলাদেশে আশ্রয় নেওয়া ৬ লাখ ২৬ হাজার রোহিঙ্গার একজনকেও ফেরত পাঠানো উচিত হবে না বলে মন্তব্য করেন রা’দ আল-হুসেইন।
তিনি বলেন, রোহিঙ্গাদের ওপর চলমান সহিংসতার কোনো ঘটনা বিচারের আওতায় এসেছে – এমন নজির খুবই কম।
মিয়ানমার সেনাবাহিনীর দ্বারা নির্যাতিত হয়ে গত ২৫ অগস্ট-২০১৭ থেকে বাংলাদেশে আসতে শুরু করে আরাকান রাজ্যের রোহিঙ্গারা। ব্যাপক ধরপাকড় ও হত্যাযজ্ঞের মুখে পাঁচ লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসে। কক্সবাজারের টেকনাফে আশ্রয় নেয় তারা।
রোহিঙ্গা সমস্যা সমাধানে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়।








