রোলবল বিশ্বকাপে দুরন্ত গতিতে ছুটছে বাংলাদেশের জয়রথ। টানা চার ম্যাচ জিতে অপরাজিত থেকেই প্রি-কোয়ার্টারে পা রেখেছিল স্বাগতিকদের পুরুষ দল। মঙ্গলবার আরেকটি দাপুটে জয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছেছে আসিফ ইকবালরা।
মিরপুরের সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামের উডেন ফ্লোরে চাইনিজ তাইপেকে ১৩-১ গোলে হারিয়ে কোয়ার্টারের টিকিট পেয়েছে স্বাগতিক ছেলেরা।
বিশ্ব রোলার স্কেটিংয়ের র্যাঙ্কিংয়ে সপ্তম স্থানে থাকা বাংলাদেশ উদ্বোধনী দিনে হংকংকে ১৯-১ গোলে উড়িয়ে যাত্রা শুরু করেছিল। দ্বিতীয় ম্যাচে ভুটানকে হারিয়েছে ৯-২ গোলে। পরে মিয়ানমারকে ১১-০ গোলে ও ফিজিকে ৯-০ গোলে হারায় বাংলাদেশের ছেলেরা। গ্রুপ-ডি থেকে সেরা দল হিসেবেই প্রি-কোয়ার্টারের টিকিট পায় লাল-সবুজদের দলটি।







