জনপ্রিয় অভিনেত্রী বিপাশা হায়াত। অসামান্য প্রতিভাধর এ অভিনয়শিল্পী অভিনয়ের পাশাপাশি চিত্রশিল্পী হিসেবেও যথেষ্ট সুনাম কুড়িয়েছেন। ১৯৯৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন তিনি।
এ জন্য অভিনয়ের সঙ্গে সঙ্গে শিক্ষাজীবনের জ্ঞানের চর্চাও চালিয়ে গেছেন, নিজেকে তৈরি করেছেন চিত্রশিল্পী হিসেবেও। তারই নতুন উদাহরণ হিসেবে ইতালির রোমে চলছে বিপাশার একক চিত্র প্রদর্শনী।
১৪ জানুয়ারি শুরু হওয়া ‘মাইন্ডস্কেপ’ শীর্ষক ওই প্রদর্শনীতে রঙ-তুলিতে ফুটে উঠেছে স্মৃতির গভীরে হারিয়ে যাওয়া আবেগের প্রতিরূপ।
প্রদর্শনীটির কিছু ছবি বিপাশা হায়াত পোস্ট করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে।
বাংলাদেশে আঁকিয়ে বিপাশার চিত্র প্রদর্শনী হয়েছে প্রচুর। দেশের বাইরেও যুক্তরাষ্ট্র, সাউথ কোরিয়া, মিশর এবং ভিয়েতনামে তার দলীয় প্রদর্শনী হয়েছে। তবে দেশের বাইরে তার একক প্রদর্শনী এটিই প্রথম।








