দুই গোলে পিছিয়ে দুর্দান্ত এক প্রত্যাবর্তনের মধ্য দিয়ে স্বাগতিক জার্মানিকে পরাজিত করলো ইংল্যান্ড। বার্লিনের অলিম্পিয়া স্ট্যাডিয়ামে দ্বিতীয়ার্ধের ইনজুরি টাইমেই নিশ্চিত হয় রয় হজসনের শিষ্যদের স্মরণীয় এক জয়।
আন্তর্জাতিক প্রীতি ম্যাচটিতে টনি ক্রজের গোলে এগিয়ে থেকেই প্রথমার্ধ শেষ করে জোয়াকিম লো’র দল। মেসুত ওজিলের পাস থেকে দর্শনীয় শটে দলকে লিড এনে দেন এই রিয়াল তারকা। দ্বিতীয়ার্ধের ১২ মিনিটের মধ্যেই স্যামি খেদিরার নিখুত পাঁসে মাথা ছুইয়ে ব্যবধান দ্বিগুণ করে মারিয়ো গোমেজ।
এর চার মিনিট পরেই ব্যক্তিগত নৈপুণ্যের চমৎকার প্রদর্শনীতে বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে দলকে প্রথম সাফল্য এনে দেন হ্যারি কেইন। ম্যাচের ৭৫তম মিনিটে নাথানিয়েল ক্লাইনের ক্রস থেকে জ্যামি ভার্ডির প্রথম আন্তর্জাতিক গোলে সমতায় ফিরে ইংল্যান্ড। ড্র প্রত্যাশিত ম্যাচটিতে ইনজুরি টাইমে এরিক দিয়ের গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে অতিথিরা।
এই জয়ের ফলে জার্মানির মাটিতে টানা তৃতীয় জয় পেলো ইংল্যান্ড। ২০০১ বিশ্বকাপ বাছাইপর্বে ৫-১’এ জয়ের পর ২০০৮ সালের প্রীতি ম্যাচেও ২-১ এ জয় পেয়েছিলো তারা।







