মহাদেশীয় ক্লাব ফুটবল চ্যাম্পিয়নদের নিয়ে আয়োজিত ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ ফুটবলের ফাইনালে উঠেছে ইউয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জেতা রিয়াল মাদ্রিদ।
সেমিফাইনালে বেনজেমা ও রোনালদোর গোলে স্প্যানিশ জায়ান্ট রিয়াল ২-০ তে হারিয়েছে কনকাকাফ অঞ্চলের চ্যাম্পিয়ন মেক্সিকান দল ক্লাব আমেরিকাকে।
জাপানের ইয়াকোহামা স্টেডিয়ামে একপেশে সেমিফাইনালে শুরু থেকেই দাপট ছিলো ‘দ্য-গ্যালাকটিকোসের’। তবে ৭১টি গুরুত্বপূর্ণ ট্রফি জেতা রিয়াল মাদ্রিদকে প্রথম গোলের জন্য ৪৫ মিনিট অপেক্ষা করতে হয়। সেসময় রোনালদোর পাস থেকে গোল করেন করিম বেনজেমা।
দ্বিতীয়ার্ধেও ক্লাব আমেরিকার উপর আধিপত্য ধরে রাখে রিয়াল। তবে গত কয়েকটি ম্যাচের মতো এবারও অতিরিক্ত সময়ে দ্বিতীয় গোল করেন সদ্য ব্যালন ডি’অর জেতা রোনালদো।
রোববার ফাইনালে রিয়ালের প্রতিদ্বন্দ্বী এশিয়ান ক্লাব কাপ চ্যাম্পিয়ন জাপানি ক্লাব কাশিমা আন্টলার্স।








