ক্রিস্টিয়ানো রোনালদোর দুর্দান্ত এক হ্যাটট্রিকে বড় জয়ে বছর শুরু করেছে জুভেন্টাস। সিরি আতে ক্যাগলিয়ারিকে ৪-০ গোলে হারিয়েছে জুভরা। অন্য গোলটি গঞ্জালো হিগুয়েনের।
জয়ে ১৮ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে ইতালিয়ান লিগ টেবিলের শীর্ষস্থান মজবুত করেছে তুরিনের ওল্ড লেডি জুভরা।
জুভেন্টাসে যোগ দেয়ার বছর দেড়েক পেরিয়েছে। এসময় চ্যাম্পিয়ন্স লিগে একটা হ্যাটট্রিক করেছেন। লিগে ম্যাজিক ফিগারের অপেক্ষা মিটছিল না। সোমবার রাতে ঘরের মাঠে সেই অপেক্ষাও দূর করে দিলেন রোনালদো।
সিরি আতে প্রথম, তবে ক্যারিয়ারে এটি সিআর সেভেনের ৫৬তম হ্যাটট্রিক।
পর্তুগিজ ফরোয়ার্ড গোলশূন্য প্রথমার্ধের পর ম্যাচের ৪৯ মিনিটে স্কোরবোর্ড সচল করেন। ৬৭ মিনিটে পেনাল্টি থেকে করেন দ্বিতীয় গোলটি।
ম্যাচের ৮১ মিনিটে হিগুয়েন স্কোরশিটে নাম তোলেন। পরের মিনিটেই হ্যাটট্রিক পূর্ণ করেন রোনালদো।
যাতে চলতি মৌসুমে লিগে ১৩ গোল হল রোনালদোর। আর মৌসুমে সব প্রতিযোগিতা মিলে গোল হল ১৫টি।








