ক্রিস্টিয়ানো রোনালদো এই গ্রীষ্মেই যে রিয়াল মাদ্রিদ ছাড়ছেন, সেটি নাকি এক প্রকার নিশ্চিতই। সেজন্য পর্তুগিজ তারকার দামও প্রায় ঠিক করে ফেলেছে রিয়াল শিবির। সেটি আকাশ ছোঁয়াই। চারবারের বিশ্বসেরা ফুটবলারকে কিনতে ৪০ কোটি ইউরো খরচ করতে হতে পারে যেকোন ক্লাবকে।
২০০৯ সালে লস ব্লাঙ্কোস শিবিরে যোগ দেয়ার পর রিয়ালকে দুটি চ্যাম্পিয়ন্স লিগ, দুটি লা লিগা শিরোপাসহ একাধিক ট্রফি জিতিয়েছেন রোনালদো। তাই ক্লাব সিআর সেভেনের বাই আউট ক্লজ নির্ধারণ করেছিল ১০০০ মিলিয়ন। কিন্তু রোনালদো যদি নিজের ইচ্ছায় ক্লাব ছাড়তে চান, সেক্ষেত্রে বাই আউট ক্লজের মূল্য কমিয়ে আনার শর্ত উল্লেখ করা ছিল চুক্তিতে।
যদিও পর্তুগিজ অধিনায়ককে এখনই ছাড়তে চায় না রিয়াল শিবির। তাকে ঠাণ্ডা মাথায় সিদ্ধান্ত নিতে পরামর্শ দিয়েছে ক্লাব। জাতীয় দলের হয়ে কনফেডারেশন্স কাপ খেলতে এই মুহূর্তে রাশিয়ায় আছেন রোনালদো। প্রয়োজনে সেখানে গিয়েও তার সঙ্গে কথা বলতে চায় মাদ্রিদ কর্তৃপক্ষ।
যদি তারপরও ক্লাব ছাড়ার জন্য মনস্থির করে থাকেন রোনালদো, সেক্ষেত্রে ২০০ মিলিয়নেও তাকে ছেড়ে দিতে পারে রিয়াল। আর এই দামে পর্তুগিজ তারকাকে কেনার মত অবস্থা কেবল ম্যানচেস্টার ইউনাইটেড এবং প্যারিস সেন্ট জার্মেইনেরই আছে।
গত সপ্তাহে রোনালদোর নামে স্পেনের আদালতে ১ কোটি ৪৭ লক্ষ ইউরো কর ফাঁকির মামলা হলে বেশ টালমাটাল অবস্থায় পড়েন সিআর সেভেন। এমন সংকটে ক্লাব কর্তৃপক্ষকে পাশে না পাওয়ায় খেপেছেন তিনি। অভিযোগ প্রমাণিত হলে বড় ধরনের শাস্তি অপেক্ষা করছে রোনালদো জন্য। সবকিছু বিবেচনা করেই স্পেন ছাড়ার সিদ্ধান্ত প্রায় ঠিক করেই ফেলেছেন সময়ের অন্যতম সেরা এই ফুটবলার।







