চাইলেই এই গ্রীষ্মে জুভেন্টাসে চলে যেতে পারবেন ক্রিস্টিয়ানো রোনালদো। ক্লাবটির প্রস্তাবে রাজি হয়েছে রিয়াল মাদ্রিদ। খবর ইআই চিরিনগুইতো টিভির।
রোনালদোর ‘রিলিজ ক্লজ’ ১০০০ মিলিয়ন ইউরো থেকে কমিয়ে ১২০ মিলিয়ন ইউরো করার পরই জুভেন্টাস রোনালদোকে পেতে উঠেপড়ে লাগে।
রোনালদোর জন্য জুভেন্টাসকে দিতে হবে ১০০ মিলিয়ন ইউরো বা ১১৬ মিলিয়ন ইউএস ডলার। ২০২২ সাল পর্যন্ত চুক্তি হবে। তাতে রোনালদোর জন্য বার্ষিক বেতন থাকবে ৩০ মিলিয়ন ইউরো!
এর আগে ইতালিয়ান সংবাদমাধ্যম টুত্তোস্পোর্টস জানায়, ক্লাব বদলের ভাবনাটা ইতিমধ্যে সেরে রেখেছেন সিআর সেভেন। নতুন গন্তব্যের তালিকায় সবার উপরে আছে ইতালিয়ান ক্লাব জুভেন্টাস।
জুভেন্টাসের মালিকানা আছে ইতালির প্রভাবশালী আগ্নেল্লি পরিবারের। দলকে তৃতীয় চ্যাম্পিয়ন্স লিগ এনে দিতে রোনালদোর কোনো বিকল্প দেখছে না পরিবারটি। এরিমধ্যে ‘এজেন্টদের টমক্রুজ’ হোর্হে মেন্ডেজের সঙ্গে যোগাযোগ শুরু করেছে তারা।
১৯৯৬ সালে শেষবার চ্যাম্পিয়ন্স লিগের স্বাদ পাওয়া ইতালিয়ান চ্যাম্পিয়নরা নতুন মৌসুমকে সামনে রেখে দল গোছানো শুরু করেছে। হোর্হে মেন্ডেজের মাধ্যমে দলে টানা হয়েছে ভ্যালেন্সিয়ায় খেলা পর্তুগিজ ডিফেন্ডার হোয়াও কেনসিলোকে। এসবই নাকি রোনালদোর মন পাবার জন্য।







