অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদোকে ছাড়াই প্রীতি ম্যাচে ইতালিকে হারিয়েছে পর্তুগাল। সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত ম্যাচে আজ্জুরিদের ১-০ গোলে হারায় পর্তুগীজরা। ম্যাচের ৫২ মিনিটে পর্তুগালের জয়সূচক গোলটি করেন ইডারস।
২০১২ সালে অভিষেক হওয়ার ১৭ ম্যাচে এটি পর্তুগালের হয়ে ইডারসের প্রথম আন্তর্জাতিক গোল। আর ইতালির কোচের দায়িত্ব নেয়ার পর অ্যান্থোনিও কন্তের এটি প্রথম হার। বিশ্বকাপে উরুগুয়ের কাছে হারের পর এটি ইতালির প্রথম হার।
এদিন পর্তুগালের অধিনায়কের মতো দলে ছিলেন না ইতালিয়ান অধিনায়ক জিয়ানলুইজি বুফনও। ফিটনেসের কারণে খেলেননি বুফন। আর খেলার চেয়ে হলিডে পালনকে বেশি গুরুত্ব দিয়ে ম্যাচে খেলেননি রোনালদো।
২০১৬ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশীপের বাছাই পর্বে ক্রোয়েশিয়ার সঙ্গে ১-১ গোলে ড্র করার চারদিন পর পর্তুগালের কাছে হারলো ইতালি। আর দুদিন আগেই বাছাই পর্বে রোনালদোর হ্যাটট্রিকে আর্মেনিয়াকে ৩-২ গোলে হারায় পর্তুগাল। ফলে সর্বশেষ সাত ম্যাচের ছয়টিতেই জিতলো সিআর সেভেনের দল।






