মন্ত্রী হিসেবে দপ্তর হারানোর কয়েক ঘণ্টার মধ্যে যুবলীগের ইফতারে যোগ দিলেও এ বিষয়ে প্রশ্নের সরাসরি উত্তর না দিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, রোজা রেখে তিনি মিথ্যা বলবেন না।
বক্তৃতায় তিনি অভিযোগ করেন, খালেদা জিয়া প্রায় প্রতিদিনই ইফতার পার্টিতে মিথ্যাচার করছেন। একজন মুসলমান রোজা রেখে মিথ্যাচার করতে পারেন না।
কেনো তাকে সরিয়ে দেওয়া হলো এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি রোজা রেখেছি, মিথ্যা কথা বলবো? রোজা রেখে মিথ্যা কথা বললে রোজা হয় না।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মিথ্যাচার বন্ধ করে আগামী নির্বাচনে অংশগ্রহণের আহ্বান জানান তিনি।
খালেদা জিয়ার উদ্দেশে সৈয়দ আশরাফ বলেন, আগামী নির্বাচনে অংশ নিন। সংবিধান অনুযায়ী আগামী নির্বাচন হবে। সেই নির্বাচনে আসুন।
বেগম জিয়াকে উদ্দেশ্য করে দপ্তরবিহীন মন্ত্রী সৈয়দ আশরাফ বলেন, আপনি গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহত করতে চান। গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহত হলে নতুন কোনো সুষ্ঠু রাজনৈতিক প্রক্রিয়া সৃষ্টি হবে না। অশুভ শক্তির হাতে দেশ চলে যাবে।
খালেদা জিয়াকে জ্বালাও-পোড়াও বন্ধ করার আহবান জানিয়ে তিনি বলেন, রাজনীতিতে জ্বালাও-পোড়াও করলে দেশের ক্ষতি হবে। দেশে সংঘাত সৃষ্টি করলে ফল শুভ হবে না। নির্বাচনে আসলেন না। সংঘাত সৃষ্টি করলেন, বাস পোড়ালেন, ট্রেন পোড়ালেন, মানুষ মারলেন। এটা গুরুতর অন্যায়।
আওয়ামী লীগ কখনও নির্বাচন বর্জন করেনি দাবি করে দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, আইয়ুব, ইয়াহিয়া, জিয়া এবং এরশাদ এর সামরিক স্বৈরশাসনের সময়ও আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিয়েছে।







