জিম্বাবুয়ের ছুঁড়ে দেয়া ৩৮৮ রানের রেকর্ড লক্ষ্যটা টপকানোর আশা নিয়েই চতুর্থ দিন শেষ করেছে শ্রীলঙ্কা। ৩ উইকেট হারিয়ে দ্বিতীয় ইনিংসে লঙ্কানদের সংগ্রহ ১৭০ রান। ৭ উইকেট হাতে নিয়ে শেষদিনে আরও ২১৮ রান করতে হবে চান্দিমাল বাহিনীকে।
প্রথম ইনিংসের ১০ রানের লিডের সঙ্গে ৩৭৭ রান যোগ করে সোমবার দ্বিতীয় ইনিংসে অলআউট হয় জিম্বাবুয়ে।
জবাব দিতে নেমে ভাল শুরুই করেন লঙ্কান দুই ওপেনার উপুল থারাঙ্গা ও দিমুথ করুনারত্নে। জুটিতে ৫৮ তোলার পর উইলিয়ামসের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন থারাঙ্গা (২৭)।
দ্বিতীয় উইকেটে আরেকটি অর্ধশত রানের জুটি পায় স্বাগতিকরা। তবে জুটিতে হাফসেঞ্চুরি করতে পারলেও এক রানের আক্ষেপ নিয়ে মাঠ ছাড়েন করুনারত্নে। ৪৯ রান করে গ্রায়েম ক্রেমারের বলে পিটার মুরের তালুবন্দি হন তিনি।
দুটি ভাল জুটির পর দলের জন্য তেমন কিছু করতে পারেননি অধিনায়ক দিনেশ চান্দিমাল। একটু চড়া ব্যাটে খেলতে গিয়ে মাত্র ১৫ রানেই ফেরেন তিনি।
তিন উইকেট হারালেও শ্রীলঙ্কাকে কক্ষপথে রেখেছেন কুশাল মেন্ডিস ও অ্যাঞ্জেলো ম্যাথুজ। ৩৭ রানের জুটি গড়ে অবিচ্ছিন্ন তারা। কুশাল ৬০ এবং ম্যাথুজ অপরাজিত ১৭ রানে।
এর আগে চতুর্থ দিনের শুরুতেই নিজের প্রথম টেস্ট শতক তুলে নেন সিকান্দার রাজা। আগের দিনে ৯৭ রানে অপরাজিত রাজা সোমবার ইনিংস টেনে নেন ১২৭ রান পর্যন্ত। সঙ্গে ম্যালকম ওয়ালারের ৬৮ এবং অধিনায়ক গ্রায়েম ক্রেমারের ৪৮ রানে ভর করে দ্বিতীয় ইনিংসে জিম্বাবুয়ে পায় ৩৭৭ রানের বিশাল সংগ্রহ।
সাউথ আফ্রিকার বিপক্ষে ৩৫২ রান তাড়া করে জেতা ছাড়াও আর মাত্র একবারই তিনশর বেশি লক্ষ্য ছুঁতে পেরেছে লঙ্কানরা। সেটি এই জিম্বাবুয়ের বিপক্ষেই। এই কলম্বোতেই সেবার ছিল ৩২৬ রানের লক্ষ্য। আর চতুর্থ ইনিংসে সর্বোচ্চ ৩৯১ রান করেও পাকিস্তানের বিপক্ষে ড্র নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে স্বাগতিকদের। শেষদিনে তাদের সামনে তাই পরীক্ষার মঞ্চই থাকছে।








