রুমানা-ফাহিমার কণ্ঠে দেশের গান

টিম বাসে দেশাত্মবোধক গান ধরেছেন ফাহিমা। আর তাতে কন্ঠ মেলালেন রুমানা, নিগার ও ফারজানা
এশিয়ার শ্রেষ্ঠত্বের মুকুট এখন তাদের মাথায়। আয়ারল্যান্ড সফরেও সাফল্যের যাত্রা অব্যাহত রেখেছে টিম টাইগ্রেস। আইরিশ মেয়েদের টানা দুই ম্যাচ হারিয়ে প্রথমবার কোনো দলকে হোয়াইটওয়াশ করার সামনে সালমা খাতুনের দল। প্রথমবার টি-টুয়েন্টি সিরিজ জেতা পুরো দলই আছে ফুরফুরে মেজাজে। টিম বাসেও দেখা মিলেছে তার প্রতিফলন।
ডাবলিনের ম্যালাহাইড ক্রিকেট গ্রাউন্ড থেকে হোটেলে ফেরার পথে টিম বাসে বসে গান ধরেন ফাহিমা খাতুন ও রুমানা আহমেদ। সঙ্গে সুর মেলান নিগার সুলতানা ও ফারজানা হক।
সাকিব আল হাসানদের মতো ‘অপরাধী’ টাইপের গান নয়; নারী দলের ক্রিকেটাররা গেয়েছেন দেশের গান-এক সাগর রক্তের বিনিময়ে/বাংলার স্বাধীনতা আনলো যারা/আমরা তোমাদের ভুলবো না।’
সুরেলা কণ্ঠে দরদ দিয়ে গাওয়া গানের ভিডিওটি ক্রিকেটারদের কেউ ফেসবুক কিংবা ইউটিউবে আপলোড করেননি। নওশিন আরা মিতা নামের এক তরুণী ভিডিওটি ফেসবুকে পোস্ট করেছেন।
ক্যাপশনে লিখেছেন- ‘এইটা ভাইরাল হবে না। কারণ এখানে মেয়ে ক্রিকেটাররা মাইয়া ও মাইয়া গেয়ে হ্যাংলামি করেনি। টাইগাররা অপরাধী গায় এরপর নিজেরাই হোয়াইটওয়াশ হয়ে অপরাধী হয়। বাট এটাও ঠিক বাংলাদেশ দলের ড্রেসিং রুম এন্থাম আমরা করব জয়। আর টাইগ্রেসরা এক সাগর রক্তের বিনিময়ে গায়। আরেক দলকে হোয়াইটওয়াশ করে সম্মান জানায়। দিস ইজ দ্য ডিফারেন্স।’






