‘জো রুট অসহায়, খুবই বাজে একটি ম্যানেজমেন্টের পাল্লায় পড়েছেন। এই দলটিকে কেউই এর চেয়ে ভালো নেতৃত্ব দিতে পারবে না। কোনো ব্যাটিং কৌশলই জানা নেই ব্যাটারদের। আমার খেলোয়াড়দের জন্য খারাপ লাগছে।’
ওয়েস্ট ইন্ডিজে সিরিজের শেষ টেস্টে দুই ইনিংসেই ইংল্যান্ডের ব্যাটিং বিপর্যয়ের পর এমনটা মন্তব্য করেছেন সাবেক ইংলিশ ব্যাটার কেভিন পিটারসেন। রোববার টুইটার পোস্টে এসব কথা বলেন।
পিটারসেন যখন ব্যাটিংয়ের সমালোচনায় মুখর, তখন বোলিংকে দুষেছেন সাবেক ইংলিশ অধিনায়ক মাইকেল ভন।
‘এই পিচে অনেকক্ষণ ধরে ভালো লাইন লেন্থে বল করলে কী হবে সেটা জানার জন্য মুখিয়ে আছি। ইংল্যান্ড খেলার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে।’
চাপের মুখেও নিজেদের সেরাটা দেয়ায় প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজের প্রসংশা করতে অবশ্য ভোলেননি সাবেক এ ব্যাটার।
‘ওয়েস্ট ইন্ডিজ অসাধারণ খেলেছে। চাপের মুখে কীভাবে খেলতে হয় সেটা তারা দেখিয়ে দিয়েছে। ইংল্যান্ড চাপ সামলাতে না পেরে ইতিমধ্যে ম্যাচ থেকে ছিটকে গেছে।’
গ্রানাডা টেস্টের দুদিন বাকি থাকতেই জয়ের ক্ষণ গুনছে ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও ব্যাটিং বিপর্যয়ে পড়েছে ইংল্যান্ড।
স্কোরবোর্ডে ১০৩ রান তুলতে হারিয়েছে ৮ উইকেট। এ পর্যন্ত ১০ রানের লিড নেয়া দলটির হাতে বাকি ২ উইকেট। চতুর্থ দিনেই সফরকারীদের হারানোর ক্ষণ গুনছে ক্রেগ ব্র্যাথওয়েটের দল।
তিন টেস্টের সফরে ব্রিজটাউন টেস্ট ড্র করে ওয়েস্ট ইন্ডিজ। পরে নর্থ সাউন্ড টেস্টেও ড্র মেলে। শেষ তথা তৃতীয় টেস্ট অঘোষিত সিরিজ নির্ধারণীতে পরিণত হয়েছে। সিরিজে এখনও ০-০ ব্যবধানে আছে দুদল।







