২০১৭ সালে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের পর ডোপ টেস্টে পজেটিভ হয়েছিলেন সার্জিও রামোস! ফুটবল লিকসের তথ্য দিয়ে জার্মান পত্রিকা ডের স্পেইগেলের এমন প্রতিবেদনের পর ভীষণ খেপেছে রিয়াল মাদ্রিদ। ক্লাবটি বিবৃতিতে জানিয়েছে, দলের অধিনায়ক সম্পূর্ণ নির্দোষ!
ডের স্পেইগেলের সেই প্রতিবেদনে বলা হয়েছে, জুভেন্টাসের বিপক্ষে কার্ডিফ ফাইনালের পর রামোসের মূত্রে ওয়াডা কর্তৃক নিষিদ্ধ ড্রাগ ডেক্সামেথাসোনের নমুনা পাওয়া যায়। হাঁটুর চোটের কারণে দুটি ইনজেকশন নিতেন রিয়াল অধিনায়ক। স্পেইগেলের প্রতিবেদনে উল্লেখ করা হয়, ইনজেকশনের একটি ছিল ডেক্সামেথাসোন।
প্রতিবেদনে বলা হয়, বিষয়টি জানার পর বেমালুম চেপে যায় রিয়াল। এমনকি উয়েফাও জানার পর কোনো প্রকার ব্যবস্থা নেয়নি রামোসের বিপক্ষে।
শুক্রবার বিবৃতি দিয়ে ডের স্পেইগেলের প্রতিবেদনকে তাৎক্ষণিকভাবে উঠিয়ে নিতে বলেছে রিয়াল। রিয়ালের দাবী প্রতিবেদনটি ‘অপ্রাসঙ্গিক’ ও ‘উদ্দেশ্যপ্রণোদিত’!
‘সকলের জ্ঞাতার্থে জানাতে চাই, সার্জিও রামোস কোনদিনই ডোপিংয়ের আইন অমান্য করেননি। আর অবমনাকর এমন প্রতিবেদনের পরও ক্লাব কোনো প্রকার মন্তব্য করতে রাজি নয়।’








