ক্রিস্টিয়ানো রোনালদো গোল পাননি। করিম বেনজেমা বিশ্রামে। তারপরও দারুণ কোনো সুখস্মৃতি নিয়ে মাঠ ছাড়তে পারেনি এসপানিওল। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে রিয়াল মাদ্রিদের কাছে টানা ১০ ম্যাচে হারা দলটি শনিবার রাতে ২-০ গোলের পরাজয় নিয়ে মাঠ ছেড়েছে। জয়ের সঙ্গে টানা ৪২ ম্যাচে গোল করার ক্লাব রেকর্ড গড়েছে জিনেদিন জিদানের দল।
ঘরের মাঠে রিয়ালের গোল দুটি এসেছে এ বছর প্রথমবারের মতো শুরুর একাদশে ঠাঁই পাওয়া আলভারো মোরাতার ও প্রায় তিন মাস পর চোট কাটিয়ে ফেরা গ্যারেথ বেলের থেকে।
গত নভেম্বরে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে খেলতে যেয়ে পায়ে চোট পেয়ে মাঠের বাইরে ছিটকে গিয়েছিলে বেল। ওয়েলস উইঙ্গার এ ম্যাচে ফিরলেন ৮৮ দিন চোটের সঙ্গে লড়াই করার পর। ফিরেই বোঝালেন, বসে ছিলেন তবে মরচে ধরেনি! ম্যাচের ৭১ মিনিটে মাঠে নেমেছিলেন বদলি খেলোয়াড় হিসেবে। ৮৩ মিনিটে ঝলক দেখানো গোল।
সান্তিয়াগো বার্নাব্যুতে ইসকোর থ্রুতে বল পেয়ে দ্রুতগতিতে এসপানিওলের রক্ষণ চিরে বাঁ-পায়ের বুলেট শটে প্রতিপক্ষের জাল খুঁজে নেন বেল। ব্যবধান দ্বিগুণ করা এই গোলেই জয় নিশ্চিত হয় স্বাগতিকদের।

তার আগে যে আলভারো মোরাতার বদলি হয়ে মাঠে এসেছিলেন বেল, সেই মোরাতাই প্রথমদফা এগিয়ে দেন রিয়ালকে। প্রথমার্ধের ৩৩ মিনিটে ইসকোরই দুর্দান্ত ক্রসে মাথা ছুঁইয়ে রিয়ালকে লিড এনে দেন এই স্প্যানিশ স্ট্রাইকার।
এই জয়ে ২১ ম্যাচে ৫২ পয়েন্ট নিয়ে স্প্যানিশ টেবিলের শীর্ষস্থান আরো সুসংহত করল রিয়াল। দুইয়ে আছে এক ম্যাচ বেশি খেলা বার্সেলোনা ৪৮ পয়েন্ট নিয়ে। তিনে সেভিয়া। চারে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদ দিনের প্রথম ম্যাচে স্পোর্টিং গিজনকে ৪-১ গোলে হারিয়েছে।







