দৈন্যদশা কাটছেই না রিয়াল মাদ্রিদের। এবার তারা হোঁচট খেল পুচকে নুমানসিয়ার কাছে। কোপা ডেল রে’তে তৃতীয় সারির দলের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে গ্যালাকটিকোরা।
তবে শেষ আটে পৌঁছে যেতে অসুবিধা হয়নি লস ব্লাঙ্কোসদের। প্রথম লেগে ৩-০ গোলে জেতায় কোয়ার্টারে উঠে গেছে জিনেদিন জিদানের দল।
বুধবার রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে নুমানসিয়াকে আতিথ্য দেয় রিয়াল। এ ম্যাচে ছিলেন না স্বাগতিকদের আক্রমণভাগের ত্রয়ী ক্রিস্টিয়ানো রোনালদো, গ্যারেথ বেল ও লুকা মদরিচ। তবে ঘরের মাঠে শুরুটা মন্দ হয়নি তাদের। শুরুতেই এগিয়ে যায় রিয়াল। ১০ মিনিটে দানি কারভাহালের ক্রস থেকে হেডে গোল করে দলকে এগিয়ে দেন লুকাস ভাসকেজ।
এরপর আক্রমণ পাল্টা আক্রমণে এগিয়ে চলে খেলা। প্রথমার্ধের কিছু সময় আগে হিগিনিও মারিনের জায়গায় বদলি হিসেবে গুইলের্মোকে মাঠে নামায় নুমানসিয়া। যার ফলও হাতেনাতেই পায় দলটি। ৪২ মিনিটে তার গোলে সমতায় ফেরে অতিথিরা। এতে ১-১ ব্যবধান নিয়ে বিরতিতে যায় দুদল।
বিরতি থেকে ফিরে আক্রমণের ধার বাড়ায় রিয়াল। সাফল্যও ধরা দেয়। ৫৯ মিনিটে এগিয়ে যায় দলটি। এবারও কাণ্ডারি ভাসকেজ। এ সময় মায়োরালের হেড থেকে ফ্লিকে দলকে এগিয়ে দেন তিনি।
পিছিয়ে গিয়ে আক্রমণের গতি বাড়ায় নুমানসিয়া। ফের ত্রাতার ভূমিকায় আবির্ভূত হন গুইলের্মো। ৮২ মিনিটে গার্সিয়ার ক্রসে হেডে গোল করে দলকে সমতায় ফেরান তিনি।
যোগ করা সময়ে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন নুমানসিয়ার কালভো। তবুও এগিয়ে যেতে পারেনি রিয়াল। শেষ পর্যন্ত ২-২ গোলের ড্রয়ের হতাশা নিয়ে মাঠ ছাড়ে জিনেদিন জিদানের দল।
একই রাতে কোপা ডেল রে’র অন্য ম্যাচে লেগানেসকে ২-১ গোলে ভিয়ারিয়াল এবং এসডি মরমেনটিরাকে ২-০ গোলে হারায় আলাভেস।








