‘এল ক্লাসিকো’ মহারণের মাত্র দুদিন বিরতির পর স্প্যানিশ লা লিগায় আজ আবারো মাঠে নামছে দুই জায়ান্ট বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। ন্যু ক্যাম্পে বার্সার প্রতিপক্ষ ওসাসুনা। আর দেপোর্তিভো লা করুনার মাঠে মুখোমুখি হবে রিয়াল।
এই ম্যাচ জিতে ক্লাসিকোর দুঃখ ভুলতে চায় রিয়াল। আর ক্লাসিকো জিতে ভীষণ আত্মবিশ্বাসী বার্সা লা লিগার জন্য লড়াই চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছে। বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায় মাঠে নামবে বার্সা। আর রিয়ালের ম্যাচ শুরু হবে রাত ১টা ৩০ মিনিটে।
বার্সেলোনা ‘এল ক্লাসিকো’ জেতায় জমে উঠেছে লা লিগা। ৩৩ ম্যাচে ৭৫ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে মেসি-নেইমাররা। তাদের হাতে রয়েছে আর মাত্র ৫ ম্যাচ। ৩২ ম্যাচে ৭৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা রিয়ালের হাতে রয়েছে ৬ ম্যাচ।
দুই চিরপ্রতিদ্বন্দ্বীর পয়েন্ট সমান হলেও হেড-টু-হেড ব্যবধানে এগিয়ে থাকায় শীর্ষস্থান দখল করেছে বার্সা। তার পরও চিরপ্রতিদ্বন্দ্বীদের তুলনায় এক ম্যাচ কম খেলার সুবিধা রয়েছে রিয়ালের। জিদানের দল কোনোরকম হোঁচট না খেলে লিগের ভাগ্য এখনো রিয়ালের হাতে।

তবে বাকি ৬ ম্যাচে রিয়ালের পথটা মোটেও সহজ নয়। এর মধ্যে চারটি ম্যাচই তাদের খেলতে হবে প্রতিপক্ষের মাঠে। দেপোর্তিভোর মাঠ রিয়াজর স্টেডিয়ামে চলতি লিগে শক্তিধর দলগুলো মোটেও ভালো করতে পারেনি।
গ্যালিসিয়ান অঞ্চলের এ ক্লাবটির মাঠে স্বাগতিকদের মুখোমুখি হয়ে পয়েন্ট ভাগাভাগিতে বাধ্য হয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ, ভিলারিয়াল ও ভ্যালেন্সিয়ার মতো ক্লাব। এছাড়া গত মাসে এ মাঠে স্বাগতিকদের কাছে ১-২ গোলে হেরেছিল বার্সা।
গত পাঁচ বছরের মধ্যে প্রথম লিগ শিরোপা জিততে বাকি পথটুকুতে কোনোভাবেই হোঁচট খাওয়া চলবে না রিয়ালের। বার্সার কাছে হারলেও লিগের ভাগ্য এখনো নিজেদের হাতে বলেই মনে করছেন রিয়াল কোচ জিদান।
তিনি বলেন, ‘ওই হারে কোনোকিছুই পাল্টায়নি। নিজেদের ভাগ্যটা এখনো আমাদের হাতেই। এখন শুধুই বুধবারের ম্যাচটি নিয়ে ভাবছি।’
বার্সার বিপক্ষে সর্বশেষ ম্যাচে লাল কার্ড দেখায় দেপোর্তিভোর মাঠে থাকছেন না রিয়াল অধিনায়ক ও সেন্টার ব্যাক সার্জিও রামোস। চোটের কারণে পেপে ও রাফায়েল ভারানেও মাঠের বাইরে। রক্ষণভাগে অভিজ্ঞদের মধ্যে শুধু নাচোকে পাচ্ছেন জিদান।
রামোসের অনুপস্থিতিকে সুযোগ হিসেবে দেখছেন দেপোর্তিভো স্ট্রাইকার ফ্লোরেন আন্দোনে। তার কথায়, ‘সে (রামোস) না থাকায় ভারমুক্ত লাগছে নিজেকে। তিনি বিশ্বের সেরা সেন্টারব্যাক। তবে দলটির হয়ে কে খেলল আর কে খেলল না— তাতে কিছুই যায়-আসে না। কারণ তাদের শক্তি অফুরন্ত। কিন্তু আমরা যেহেতু বার্সাকে হারাতে পেরেছি, তাই রিয়ালের বিপক্ষেও সুযোগ নিতে হবে।’
অপরদিকে, রিয়ালকে হারানোর পর লিগ জয়ে ভীষণ আশাবাদী বার্সা স্ট্রাইকার লিওনেল মেসি। নিজের ফেসবুক পেজে তিনি বলেছেন, ‘বার্নাব্যুতে জেতায় আমরা লা লিগার জন্য লড়াই চালিয়ে যাব। তবে এখনো অনেক পথ বাকি। সেজন্য মানসিকভাবে উদ্দীপ্ত থাকার কাজটা আমরা বার্নাব্যুতেই সেরে নিয়েছি। এটা ছিল লিগ জয়ের লড়াইয়ে ভীষণ গুরুত্বপূর্ণ একটা পদক্ষেপ।’
ওসাসুনার বিপক্ষে নেইমারকে পাচ্ছে না বার্সা। তিন ম্যাচের নিষেধাজ্ঞায় এটাই তার শেষ ম্যাচ। ৩৩ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে টেবিলের তলানির দল ওসাসুনা।







