রিয়াল মাদ্রিদকে হারিয়ে অডিকাপের শিরোপা জিতে নিয়েছে বায়ার্ন মিউনিখ। বুধবার রাতে ঘরের মাঠ অ্যালিয়েঞ্জ এরেনায় রবার্ট লেওনডেস্কির একমাত্র গোলে স্প্যানিশ জায়ান্টদের হারায় জার্মান কাইজাররা।
আগের ম্যাচে এসি মিলানের বিপক্ষে দাপুটে জয় পেলেও রিয়ালের বিপক্ষে জিততে রীতিমতো ঘাম ঝড়েছে বুন্দেসলিগার চ্যাম্পিয়নদের।
ইনজুরির কারণে আগের ম্যাচেও ছিলেন না দলের প্রাণভোমরা ক্রিস্টিয়ানো এবং করিম বেনজামা। ফাইনালে রিয়ালের জন্য মরার ওপর খাড়ার ঘা হয়ে আসে আগে ম্যাচের দুই গোলদাতা গ্যারেথ বেল ও জেমস রদ্রিগেজের অনুপস্থিতি।
খেলার শুরু থেকেই রিয়ালকে চাপে রাখে বায়ার্ন। এর মধ্যে এগিয়ে যাওয়ার সুযোগও পেয়েছিলো তারা। তবে সহজ সুযোগ নষ্ট করে সমর্থক আনন্দ বঞ্চিত করেন টমাস মুলার। দ্বিতীয়ার্ধের শুরুতে বেভারিয়ান সমর্থকদের আরেকবার আনন্দ বঞ্চিত করেন লেওনডেস্কি। তবে শেষ পর্যন্ত তার গোলেই শিরোপা জেতে স্বাগতিকরা।
প্রথমার্ধ গোলশূন্য থাকার পর দ্বিতীয়ার্ধের খেলাও যখন গোলহীনভাবে শেষ হওয়ার পথে। পেনাল্টি শট আউটের জন্য প্রস্তুতি নিচ্ছিলো দুই দল। ঠিক তখনোই (৮৮ মিনিটে) গোল করে অ্যালিয়েঞ্জ এরেনার লাল সমুদ্রে ঢেউ তোলেন লেওনডেস্কি। এই মৌসুমেই দলে ভেড়ানো ডগলাস কস্তার ক্রস থেকে দারুণ ফিনিশিং দেন পোলিশ তারকা।







