অফিসগুলোতে রিসেপশনিস্টের দায়িত্ব মূলত অতিথিদের অভ্যর্থনা জানানো আর বস বলামাত্র চা-নাস্তার ব্যবস্থা করা, পরিবেশন করা। সাধারণভাবে কেউ বোধহয় এমন চাকরি পাওয়ার সুখস্বপ্ন দেখে ফেরেন না।
অথচ রিসেপশনিস্টের সেই চাকরির জন্য হুমড়ি খেয়ে পড়ছেন লোকজন। তাও একটি মাত্র পদের জন্য প্রার্থী প্রায় ১০ হাজার!
চীনের বার্ষিক সিভিল সার্ভিস পরীক্ষার ফল বেরিয়েছে চলতি সপ্তাহে। তীব্র প্রতিযোগিতামূলক সিভিল সার্ভিস নিয়োগ প্রক্রিয়ার প্রথম ধাপ এটি। সেই ফলাফলে দেখা গেছে, পরীক্ষায় বিভিন্ন পদের মধ্যে যে পদটির জন্য সবচেয়ে বেশি আবেদনপত্র জমা পড়েছে সেটা হলো ‘চায়না ডেমোক্রেটিক লিগ পাবলিক রিসেপশন স্টাফ’। আবেদনকারী ৯ হাজার ৮৩৭!
ডেমোক্রেটিক লিগ দলটি চীনের কয়েকটি সংখ্যালঘু রাজনৈতিক দলের মধ্যে অন্যতম। এদের ক্ষমতাও যথেষ্ট সীমিত। সুতরাং এমন একটি দলে চাকরি পাওয়াও খুব একটা সম্মানজনক নয়।
তাহলে এতগুলো মানুষের এই প্রায় সম্মানবিহীন একটি পদের জন্য আবেদন করার পেছনে কারণ কী?
চীনে চলমান দুর্নীতিবিরোধী কর্মকাণ্ডের অংশ হিসেবে সরকারি বিভিন্ন পর্যায়ে নিয়োগ প্রক্রিয়া অনেক কঠোর করা করে ফেলা হয়েছে। প্রতিটি পদে প্রয়োজনের চেয়ে বেশি শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা চাওয়া হচ্ছে।
এর মাঝে কিছু কিছু পদে এই চাহিদাগুলো কিছুটা শিথিল থাকায় অনেক মানুষ সেগুলোর প্রতি আকৃষ্ট হচ্ছে। রিসেপশনিস্টের পদটিও সেরকমই একটি বলে জানিয়েছেন সিভিল সার্ভিস বিভাগের মুখপাত্র লি ঝং।
ন্যূনতম স্নাতক ডিগ্রি এবং দু’বছরের ‘মাঠ পর্যায়ের অভিজ্ঞতা’ সম্পন্ন যে কেউ পদটির জন্য আবেদন করার সুযোগ পেয়েছেন।
অন্যদিকে বাকি ২২৩টি পদে আবেদন করেছেন খুব কম প্রার্থী। এগুলোর মধ্যে রয়েছে বেশ কিছু উচ্চ মর্যাদা ও ক্ষমতাশালী পদ। তবে সেগুলোতে অনেক বেশি যোগ্যতা চাওয়ায় এবং মঙ্গোলিয়া, জিনজিয়াংয়ের মতো দূরবর্তী জায়গায় কর্মস্থল হওয়ায় অনেকেই সেগুলোতে আবেদন করেনি বলে জানান লি ঝং।







