প্রবাস সংবাদ

রিয়াদ দূতাবাসে জাতীয় শোক দিবস

বাংলাদেশের রাষ্ট্রদূত জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে বক্তৃতা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

রাষ্ট্রদূত রিয়াদে জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে ভাষণ দিচ্ছেন, পেছনে শোকের প্রতীক ও অনুষ্ঠানের ব্যানার দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

বিনম্র শ্রদ্ধা ও যথাযোগ্য মর্যাদা এবং বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে দূতাবাসের সকল কর্মকর্তা ও কর্মচারিদের উপস্থিতিতে দূতাবাস প্রাঙ্গণে জাতীয় পতাকা অর্ধনমিত করেন সৌদি আরবে নবনিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।
দূতাবাসে জাতির পিতার অস্থায়ী প্রতিকৃতিতে পুস্পার্ঘ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।

পরে জাতীয় শোক দিবস উপলক্ষে দূতাবাস প্রাঙ্গণে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এসময় শোক দিবস উপলক্ষে প্রদত্ত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর
বাণী পাঠ করেন দূতাবাসের ইকোনমিক মিনিস্টার ড. আবুল হাসান, শ্রম কাউন্সেলর মেহেদী হাসান, কাউন্সেলর হুমায়ূন কবির ও পাসপোর্ট ও ভিসা উইং এর প্রথম সচিব কাজী নুরুল ইসলাম।

আলোচনা অনুষ্ঠানে রাষ্ট্রদূত বলেন, বঙ্গবন্ধু ও বাংলাদেশ সমার্থক শব্দ, বাংলাদেশকে জানতে হলে বঙ্গবন্ধুকে জানতে হবে। জাতির পিতা ছিলেন বাঙ্গালি জাতির মুক্তির মহানায়ক। তাঁর নেতৃত্বে ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে দীর্ঘ নয় মাসের সশস্ত্র সংগ্রামের মধ্য দিয়ে ৩০ লাখ শহীদের রক্ত ও দু লক্ষ মা-বোনের ইজ্জতের বিনিময়ে আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি।

ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী আরও বলেন, প্রবাসে বেড়ে উঠা নতুন প্রজন্মের কাছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন, আদর্শ ও দেশপ্রেম পৌঁছে দিতে হবে।

এ জন্য দূতাবাস ও সৌদি আরবের বাংলাদেশ কমিউনিটির সকল স্কুলগুলোকে বিভিন্ন কার্যক্রম হাতে নেয়ার আহ্বান জানান।

অনুষ্ঠান শেষে দূতাবাসের অডিটোরিয়ামে জাতির পিতার জীবন ও কর্মের ওপর নির্মিত প্রামাণ্যচিত্র “বঙ্গবন্ধু বজ্রে তোমার বাজে বাঁশি” প্রদর্শন করা হয়।

এছাড়াও নির্মলেন্দু গুণের কবিতা “সেই রাতের কল্পকাহিনী” আবৃত্তি করেন দূতাবাসের প্রেস উইং এর প্রথম সচিব মোহাম্মদ ফখরুল ইসলাম।

বিষয়:জাতীয় শোক দিবস রিয়াদ দূতাবাস

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…