বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে অর্থ চুরির ঘটনায় এদেশের কেউ জড়িত থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বিষয়টি নজরে রাখা হচ্ছে উল্লেখ করে দুদক চেয়ারম্যান জানিয়েছেন কোনো দুর্নীতিবাজকেই মুক্ত রাখা হবে না।
দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ ২০১৬ কর্মসূচির অংশ হিসেবে সকালে দুদক কার্যালয় থেকে বের হয় র্যালি।
র্যালিটি কাকরাইল মোড়-তোপখানা হয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে শেষ হয়। সেখানেই চলতি বছরের বহুল আলোচিত কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনার অনুসন্ধান নিয়ে প্রশ্ন ছিলো গণমাধ্যমের।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেন, বিষয়টি নজরে রাখা হচ্ছে। ‘আপনারা জানেন, ২০১৫ সালে মানি লন্ডারিং আইন করা হয়েছে। কোন সংস্থা কোন তদন্ত করবে ওই আইনে তা ভাগ করে দেয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংকের অর্থ লোপাটে এ দেশের কেউ জড়িত থাকলে শুধু তখন দুদক এ বিষয়ে তদন্ত করবে বলে জানান তিনি।
দুর্নীতি উন্নয়নের প্রধান অন্তরায় উল্লেখ করে এর মূল উৎপাটনে সকলের সহায়তা চান দুদক চেয়ারম্যান। বলেন, দুদকের অনেক অর্জন রয়েছে। সেসব অর্জন ধরে রাখার জন্য হলেও দুর্নীতি প্রতিরোধ ও হ্রাসে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেয়া প্রয়োজন।
ইকবাল মাহমুদ বলেন, যারা সৎ, ভালো, অন্যায় করেন না, তাদের জন্য দুর্নীতি দমন কমিশন একটি ভালো জায়গা হবে। অন্যদিকে যারা অপরাধী, তারা মুক্ত থাকতে পারবে না।
বেশকিছু কর্মসূচির মধ্য দিয়ে সারাদেশে দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ পালন করছে দুদক।







