মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ আপিল বিভাগের রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন করবেন।
শনিবার কেন্দ্রীয় কারাগারে তার সঙ্গে আইনজীবীরা সাক্ষাত করে সাংবাদিকদের এ কথা জানান।
অ্যাডভোকেট শিশির মনির বলেন, নির্ধারিত সময়েই তিনি রিভিউ আবেদন করবেন।
এর আগে সকাল সাড়ে ১০টার দিকে ৫ জন আইনজীবী কারাগারে যান। তারা হলেন; অ্যাডভোকেট শিশির মোহাম্মদ মনির, অ্যাড. নজরুল ইসলাম, অ্যাড. মশিউল আলম, মতিউর রহমান আকন্দ ও গাজী তামিম।
মানবতাবিরোধী অপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া ফাঁসির আদেশের পর আপিল বিভাগও এই জামায়াত নেতার ফাঁসির আদেশ বহাল রাখে। বুধবার সে রায়ের পূর্ণাঙ্গ কপি প্রকাশিত হয়।
চারদলীয় জোট সরকারের সাবেক মন্ত্রী মুজাহিদ বর্তমানে ঢাকা কেন্দ্রীয় কারাগারে রয়েছেন।
২০১৩ সালের ১৭ জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ মানবতাবিরোধী অপরাধের দায়ে মুজাহিদকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার আদেশ দিয়েছিলেন।
ওই রায় চ্যালেঞ্জ করে মুজাহিদের আইনজীবীরা সর্বোচ্চ আদালতে গেলে সর্বোচ্চ আদালতও ট্রাইব্যুনালের রায় বহাল রাখেন।
তবে প্রসিকিউশনের আনা সাতটি অভিযোগের মধ্যে ট্রাইব্যুনাল তাকে তিনটিতে মৃত্যুদণ্ড দিলেও আপিল বিভাগ শুধুমাত্র ষষ্ঠ অভিযোগে অর্থাৎ বুদ্ধিজীবী হত্যার দায়ে ট্রাইব্যুনালের রায় বহাল রাখেন।
বৃহস্পতিবার সর্বোচ্চ আদালতের রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশের পর এখন রায় পুনর্বিবেচনার আবেদন করতে পারবেন মুজাহিদ।







