আদালতের রায়ের বিরুদ্ধে হরতাল ও ধর্মঘটের মতো কর্মসূচি ঘোষণা করলে কর্মসূচি আহ্বানকারীদের বিরুদ্ধে কেন আইনানুগ ব্যবস্থা নেয়া হবে না তা রুল জারির মাধ্যমে জানতে চেয়েছেন হাইকোর্ট। রায়ের বিরুদ্ধে হরতাল ও ধর্মঘটের মতো কর্মসূচি কেন অবৈধ ঘোষণা করা হবে না রুলে তাও জানতে চাওয়া হয়েছে।
সড়ক ও সেতু বিভাগের সচিব, স্বরাষ্ট্রসচিব, বিআরটিসি ও বিআরটিএর চেয়ারম্যান, পুলিশের মহাপরিদর্শক, র্যাব মহপরিচালক, সড়ক পরিবহন কর্মচারী ফেডারেশনের সভাপতি-সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন মালিক সমিতিসহ বিবাদীদের তিন সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে ।
এছাড়া আদালত আগামী ২৪ ঘণ্টার মধ্যে সারাদেশের সড়কে যানচলাচল স্বাভাবিক করতে ব্যবস্থা গ্রহণের নির্দেশও দেন।
মঙ্গলবার থেকে সারাদেশে চলা ধর্মঘট প্রত্যাহারের নির্দেশনা চেয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী মনজিল মোরসেদের করা রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. আতাউর রহমান খানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুল জারি করেন।
সড়ক দুর্ঘটনায় চলচ্চিত্র ব্যক্তিত্ব তারেক মাসুদ ও সাংবাদিক মিশুক মুনীরসহ পাঁচজনের প্রাণহানির মামলায় বাসের চালকের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন আদালত। ওই রায়ের প্রতিবাদে প্রথমে আঞ্চলিকভাবে পরিবহন ধর্মঘটের ডাক দেওয়া হয়। আর সাভারে ট্রাকচাপায় এক নারীকে হত্যার দায়ে চালকের বিরুদ্ধে গত সোমবার মৃত্যুদণ্ডের রায় দেন আদালত। এই দুই রায় কে কেন্দ্র করে মঙ্গলবার থেকে সারা দেশে ধর্মঘট ডাকা হয়। বুধবার দুপুরে প্রত্যাহার হয় ধর্মঘট।








