জনসম্মুখে এক নারীকে শারীরিক লাঞ্ছনার অভিযোগে ইসলাম নামের এক ব্যক্তিকে তিন বছরের সাজা দিয়েছে মিশরের আদালত। ইন্টারনেটে ভাইরাল হওয়া ভিডিও দেখে পুলিশ ওই অপরাধীকে শনাক্তের পর গ্রেপ্তার করে।
জানা যায়, ২০১৭ সালে মিশরের কানা প্রদেশে ওই ঘটনার শিকার রানিয়া রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় জনসম্মুখে শারীরিকভাবে লাঞ্ছিত করেন ইসলাম নামের এক ব্যক্তি। শারীরিকভাবে হেনস্তার শিকার হওয়ার পর রানিয়া নামের ওই নারী জনসাধারণের সহায়তায় তাকে ধরে পেটানো শুরু করেন।
পরে সেই ভিডিওটি ইন্টারনেটে ভাইরাল হয়ে যায়। ভাইরাল হওয়া ভিডিও দেখে পুলিশ ইসলামকে শনাক্তের পর আটক করে এবং আদালত সেই অপরাধে তিন বছরের কারাদণ্ড প্রদান করেন।
ওই ঘটনায় ধারণ করা ভিডিওতে দেখা যায়, শারীরিকভাবে লাঞ্ছিত করার পর অপরাধী ইসলাম পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। রানিয়া পথচারীদের কাছে তাকে আটকানোর জন্য সাহায্য চান। তার সাহসী পদক্ষেপের কারণে অপরাধীকে পুলিশ আটকাতে সক্ষম হয়। এরপর আদালতে কয়েক দফা শুনানির পর তাকে এই দণ্ড দেওয়া হয়।
কোর্টের এই সিদ্ধান্তকে মিশরের নারীবাদীরা এক ঐতিহাসিক রায় বলে আখ্যায়িত করেছেন। যৌন হয়রানির কোন ঘটনায় আদালতের এই রায় মিশরের সৈয়দ এলাকায় এটাই প্রথম।








