নির্বাচন কমিশন গঠন নিয়ে আজ (মঙ্গলবার) রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে বসবেন বিরোধী দল জাতীয় পার্টি (জাপা)।
বিকেল তিনটায় জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের নেতৃত্বে ১৮ সদস্যের প্রতিনিধি দল বঙ্গভবনে যাবেন। এ আলোচনায় জাতীয় পার্টি ৫ দফা দাবি পেশ করবে বলে জানিয়েছেন জাপা মহাসচিব রুহুল আমিন হাওলাদার।
দলটি রাষ্ট্রপতির কাছে গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠন, কমিশন গঠনে আইন করা, নিজস্ব বাজেট ঘোষণার ক্ষমতাসম্পন্ন স্বাধীন নির্বাচন কমিশন সচিবালয় গঠন ও নির্বাচন পদ্ধতির পরিবর্তন করার প্রস্তাব দিতে পারেন।
আগামীকাল বুধবার এলডিপি ও কৃষক শ্রমিক জনতা লীগ ও ২২ ডিসেম্বর জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদকে সংলাপে ডাকা হয়েছে।
এরআগে নির্বাচন কমিশন গঠন নিয়ে গত রোববার থেকে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। প্রথম দিন সংলাপে অংশ নেয় বিএনপি।








