মস্কোতে যুক্তরাষ্ট্রের ডেপুটি অ্যাম্বাসেডর বার্ট গোরম্যানকে বহিষ্কার করেছে রাশিয়া। ঠিক কী কারণে মার্কিন কূটনীতিককে বহিষ্কার করা হয়েছে, এখনও সে সম্পর্কিত কোনো ব্যাখ্যা দেয়নি মস্কো।
বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের দূতাবাসের বরাতে সংবাদমাধ্যমে এই তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়: ডেপুটি অ্যাম্বাসেডর হিসেবে দায়িত্ব পালন করা বার্ট গোরম্যানকে রাশিয়া ছেড়ে চলে যেতে বলা হয়েছে।
গোরম্যান নিরাপত্তা বিষয়ে বিশেষজ্ঞ একজন মার্কিন কূটনীতিক হিসেবে রাশিয়ায় কর্মরত ছিলেন। তিনি এর আগে ব্যুরো অফ ডিপ্লোম্যাটিক সিকিউরিটিতে থ্রেট ইনভেস্টিগেশনস অ্যান্ড অ্যানালাইসিস (টিআইএ) এর উপ-সহকারী সচিব এবং সহকারী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
তিনি রাশিয়া, ইরাক, জর্ডান, চীন, কাজাখস্তান এবং আর্মেনিয়াসহ বিশ্বের বেশ কয়েকটি মার্কিন কূটনৈতিক মিশনে নিরাপত্তা কর্মকর্তা হিসেবেও নিযুক্ত ছিলেন।
ইউক্রেন সীমান্তে সেনা সমাবেশ নিয়ে যুক্তরাষ্ট্র ও তার নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর সদস্যরাষ্ট্রগুলোর সঙ্গে রাশিয়ার উত্তেজনা যখন তুমুল পর্যায়ে, তখন মার্কিন কূটনীতিক বহিষ্কারের এমন পদক্ষেপ নিল রুশ সরকার।








