শেষ মুহূর্তে রাশিয়ায় ‘দ্য ব্যাটম্যান’-এর মুক্তি স্থগিত করে দিল ওয়ার্নার ব্রাদার্স। রাশিয়া ইউক্রেনে আক্রমণ চালিয়ে যাওয়ায় এবং ডিজনি তার আসন্ন ছবিগুলোর মুক্তি স্থগিত করায় ওয়ার্নার ব্রাদার্সও ডিজনির পথেই হেঁটেছে।
ওয়ার্নার মিডিয়ার তরফ থেকে দেয়া বিবৃতিতে বলা হয়েছে, ‘ইউক্রেনের মানবিক এই সংকটে, ওয়ার্নার মিডিয়া রাশিয়ায় তার ফিচার ফিল্ম দ্য ব্যাটম্যানের মুক্তি স্থগিত করে দিচ্ছে।’
৩ মার্চ রাশিয়ায় মুক্তি পাওয়ার কথা ছিল ‘দ্য ব্যাটম্যান’ ছবিটি। মুক্তির অপেক্ষায় থাকা ‘ফ্যান্টাস্টিক বিস্টস: দ্য সিক্রেটস অব ডাম্বলডোর’ (১৪ এপ্রিল) এবং ডিসি লিগ অব সুপার-পেটস (১৯ মে)-এর ব্যাপারে কোনো সিদ্ধান্ত এখনও জানায়নি ওয়ার্নার ব্রাদার্স।
৪ মার্চ যুক্তরাষ্ট্রে মুক্তি পাবে ‘দ্য ব্যাটম্যান’। ম্যাট রিভসের এই’ ছবির ট্রেলার মুক্তি পেতেই হইচই পড়ে গিয়েছে ভক্তদের মধ্যে। আগের ব্যাটম্যানদের থেকে অনেকটা আলাদা হতে চলেছে সবকিছু। ব্যাটম্যানের চরিত্রে রয়েছেন রবার্ট প্যাটিনসন।







