ইউক্রেনে সামরিক অভিযানের জেরে নিষেধাজ্ঞায় পড়ছে রাশিয়ার অনেক পরিচিত মুখ। বাদ যাচ্ছে না ক্রীড়াঙ্গনও। তালিকায় আছেন টেনিসের নাম্বার ওয়ান তারকা ড্যানিল মেদভেদেভের নাম। আগামীতে কখনও নিজ দেশের পতাকা নিয়ে খেলতে পারবেন কিনা সেটি নিয়ে সন্দিহান তিনি।
কদিন আগেই রাশিয়া ও বেলারুশীয় টেনিস তারকাদের উপর নিষেধাজ্ঞা দিয়েছে বিশ্ব টেনিস কর্তৃপক্ষ। ব্যক্তি হিসেবে খেলতে চাইলে অবশ্য সুযোগ আছে প্রতিযোগিতায় অংশ নেয়ার।
যেখানে ইন্ডিয়ান ওয়েলসে এবছরের প্রথম মাস্টার্স টুর্নামেন্টের দ্বারপ্রান্তে রাশিয়ান তারকা, খেলা চলিয়ে যাওয়ার আগ্রহের কথা জানিয়েছেন।
‘চলমান পরিস্থিতিতে এই বিষয়ে কথা বলা কঠিন। কারণ সবসময় টেনিস খেলতে চাই। বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিতে চাই। আমার খেলার প্রচার করতে চাই। দেশের হয়ে আমার অর্জন সারাবিশ্বে প্রচার করতে চাই। এই মুহূর্তে পরিস্থিতি এমন যে, এটাই একমাত্র উপায় যা আমাকে খেলা চলিয়ে যেতে সাহায্য করবে। টেনিস সম্ভবত বিশ্বের সবচেয়ে ব্যক্তিগত খেলাগুলোর মধ্যে একটি।’
বেইজিং শীতকালীন প্যারালিম্পিক আসর থেকেও বাদ দেয়া হয় রাশিয়া ও বেলারুশিয়ান ক্রীড়াবিদদের। ফলে টেনিস চলিয়ে যেতে হলে রাশিয়ার পতাকা ছেড়ে ব্যক্তিগতভাবে যেকোনো আসরে অংশ নিতে হবে মেদভেদেভকে।








