রাশিয়ার সঙ্গে ঐতিহাসিক এস-ফোর হানড্রেড প্রতিরক্ষা চুক্তিসহ মোট ৮টি চুক্তি সই করেছে ভারত। ৫ বিলিয়ন ডলারের এই চুক্তির আওতায় রাশিয়ার কাছ থেকে ভারত শক্তিশালী এস-ফোর হানড্রেড মডেলের ক্ষেপণাস্ত্র কিনতে যাচ্ছে। এই চুক্তির কথা জানতে পেরে ইতোমধ্যে নড়েচড়ে বসেছে ট্রাম্প প্রশাসন।
দিল্লির হায়দরাবাদ হাউসে দ্বিপাক্ষিক এক সামিটে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে এ চুক্তি সই হয়। মার্কিন হুঁশিয়ারি অগ্রাহ্য করে এই চুক্তি সই করে দিল্লি।
দু’দিন ব্যাপী এই দ্বিপাক্ষিক সামিটের শুক্রবার ছিল শেষ দিন।ওই দিন এস-ফোর হানড্রেড চুক্তিসহ এই অঞ্চলের প্রতিরক্ষা, রেলওয়ে এবং নিউক্লিয়ার এনার্জি, অর্থনৈতিক বিষয়ে পুতিন-মোদির চুক্তি সই হয়।
হোয়াইট হাউজের তরফ থেকে তাদের বন্ধু রাষ্ট্রগুলোকে রাশিয়ার সঙ্গে কোনো রকম সমঝোতায় যেতে বারণ করা হয়। এই চুক্তির ফলে আর্থিক নিষেধাজ্ঞা জারি করেতে পারে আমেরিকা।
গত মাসে চীনের উপর আর্থিক নিষেধাজ্ঞা জারি করেছিল আমেরিকা। কারণ, চীন রাশিয়া থেকে যুদ্ধবিমান এবং মিসাইল কেনে। তার জেরেই কড়া পদক্ষেপ করে আমেরিকা।
মার্কিন প্রশাসনের এক কর্মকর্তা জানান, এত বিপুল পরিমাণে মিসাইল কেনা খুবই বড় বিষয়। আর সেটা হলে আর্থিক নিষেধাজ্ঞা জারির সম্ভবনা বাড়তে পারে।









