মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে রুশ আইনজীবীর সঙ্গে গোপন বৈঠক সম্পর্কে ট্রাম্প জুনিয়র কৈফিয়ত হিসেবে একটি সত্য বিবৃতি দিতে চাইলেও তার বদলে ট্রাম্পের নির্দেশে বিবৃতিতে মিথ্যা কারণ উল্লেখ করা হয়েছে বলে দাবি করেছে বেশ কয়েকটি শীর্ষস্থানীয় মার্কিন ও পশ্চিমা গণমাধ্যম।
সংবাদ প্রতিবেদনগুলোতে বলা হয়েছে, ট্রাম্পের লেখানো ওই বিবৃতিতে ২০১৬ সালের জুনে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র এবং আইনজীবী ন্যাটালিয়া ভেসেলনিটস্কায়ার বৈঠকের কারণ হিসেবে বলা হয়েছিল, তারা মূলত রাশিয়া থেকে শিশু দত্তক নেয়ার ব্যাপারে আলোচনা করেছিলেন।
পরে অবশ্য জুনিয়র স্বীকার করেন, তৎকালীন ডেমোক্র্যাট প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিনটনের অবস্থান ধসিয়ে দেয়ার মতো তথ্য-প্রমাণ পাওয়া যাবে, এই খবর পেয়েই তিনি ন্যাটালিয়ার সঙ্গে দেখা করতে রাজি হয়েছিলেন।
ওয়াশিংটন পোস্টে প্রথম এ নিয়ে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, গোপন বৈঠক সম্পর্কে ছেলের লিখিত বিবৃতিটি প্রেসিডেন্ট ট্রাম্প নিজেই বলে দিয়েছিলেন। এই দাবির পক্ষে প্রমাণ হিসেবে পত্রিকাটি বৈঠক সম্পর্কে সরাসরি জানতেন এমন বেশ কয়েকজন ব্যক্তির সূত্র দিয়েছে।
এরপর এবিসি নিউজ সিনিয়র পর্যায়ের দু’জন সংশ্লিষ্ট কর্মকর্তার বরাতে খবরটি নিশ্চিত করে।
ওয়াশিংটন পোস্ট জানায়, প্রাথমিকভাবে প্রেসিডেন্ট ট্রাম্পের উপদেষ্টারা ঠিক করেছিলেন, ট্রাম্প জুনিয়র একটি সত্যনির্ভর বিবৃতি দেবেন যেন পরে বৈঠকের বিস্তারিত তথ্য প্রকাশ পেলেও ওই বিবৃতিকে মিথ্যা দাবি না করা যায়।
কিন্তু জি২০ সম্মেলন শেষে ৮ জুলাই জার্মানি থেকে প্রেসিডেন্ট দেশে ফিরলে এই সিদ্ধান্ত পাল্টে যায়। তিনি বিবৃতিতে লেখান, রুশ শিশু দত্তক নেয়া বিষয়ে একটি কর্মসূচি নিয়েই মূলত আলোচনা করেছিলেন জুনিয়র এবং ন্যাটালিয়া, নির্বাচনী প্রচারণা নিয়ে নয়।
নিউইয়র্ক টাইমস বৈঠক নিয়ে প্রতিবেদন করতে চাইলে ওই বিবৃতি নিউইয়র্ক টাইমসে পাঠানো হয় বলে জানিয়েছে বিবিসি। যদিও পরে ট্রাম্পপুত্র নিজেই গোপন বৈঠকের আসল কারণটা ফাঁস করে দেন।
ওয়াশিংটন পোস্টের কাছে ডোনাল্ড ট্রাম্পের কয়েকজন উপদেষ্টা আশঙ্কা প্রকাশ করেছেন, এ ঘটনায় প্রেসিডেন্টের অতিমাত্রায় হস্তক্ষেপ তাকে এবং তার খুব ঘনিষ্ঠ কয়েকজনকে আইনি জটিলতায় ফেলে দিতে পারে।
ডোনাল্ড ট্রাম্প বা তার ছেলে এখন পর্যন্ত নতুন প্রকাশিত তথ্যের বিষয়ে কোনো মন্তব্য করেননি।










